ভোটের মুখে ফের বিপাকে হুমায়ুন কবীর! গ্রেপ্তারের দাবিতে বহরমপুর থানায় অভিযোগ RPI-এর

রেজিনগর: ভোটের বাদ্যি বাজতেই সরগরম রাজ্য রাজনীতি! রেজিনগর বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার চলাকালীন বিতর্কিত ও হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মারাত্মক বিপাকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা AJUP চেয়ারম্যান হুমায়ুন কবীর। তাঁর বিরুদ্ধে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (RPI)। একই সঙ্গে তাঁকে অবিলম্বে গ্রেপ্তারের জোরালো দাবি জানিয়েছে দলটি।
সোমবার বহরমপুর থানায় এসে লিখিত অভিযোগ জমা দেন RPI-এর রাজ্য সভাপতি রাজু ঘোষ। থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, প্রচারের নামে রেজিনগর এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছেন হুমায়ুন কবীর।
কী অভিযোগ RPI-এর? রাজু ঘোষের দাবি, প্রকাশ্যে হুঙ্কার দিচ্ছেন হুমায়ুন কবীর। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, ভোটের দিন অনুগামীদের নিয়ে রাস্তায় নামবেন এবং কেউ আক্রমণ করলে তাঁরাও ছাড়বেন না, পাল্টা মারধর করবেন! RPI নেতৃত্বের অভিযোগ, বিধায়কের এই চরম হুমকিমূলক বার্তার পর থেকেই তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁদের প্রার্থী ইমরান মল্লিক এবং দলীয় কর্মী-সমর্থকেরা।
প্রশাসনের কাছে কড়া দাবি: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে রাজু ঘোষ স্পষ্ট জানান, অবিলম্বে হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করতে হবে। আর তা সম্ভব না হলে ভোটের দিন তাঁকে অন্তত এই জেলার বাইরে রাখার ব্যবস্থা করুক প্রশাসন। অন্যথায় রেজিনগরে কোনোভাবেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্ভব নয় বলে আশঙ্কাপ্রকাশ করেন তিনি।