‘বাড়ির মাঝে নোংরা থাকলেই জোড়া জরিমানা!’ ডেঙ্গি দমনে পথে নেমে বড় বার্তা অগ্নিমিত্রা-স্মিতার

‘বাড়ির মাঝে নোংরা থাকলেই জোড়া জরিমানা!’ ডেঙ্গি দমনে পথে নেমে বড় বার্তা অগ্নিমিত্রা-স্মিতার

উৎসবের মরশুমের মুখেই রাজ্যে নতুন করে থাবা বসিয়েছে ডেঙ্গি। সংক্রমণের হার বাড়তে থাকায় এবার কঠোর পদক্ষেপের পথে হাঁটছে প্রশাসন। ডেঙ্গি রোধে সাধারণ মানুষকে সতর্ক করার পাশাপাশি এবার মোটা অঙ্কের জরিমানার কড়া হুঁশিয়ারি দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

সোমবার সকালে ডেঙ্গি সচেতনতা প্রচারে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন মন্ত্রী নিজেই। সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার পুর কমিশনার স্মিতা পান্ডে। প্রচার চলাকালীন মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এবার আর ছাড় দেওয়ার প্রশ্নই নেই। যত্রতত্র আবর্জনা ফেললে ১০০ বা ২০০ টাকার সামান্য জরিমানা নয়, বরং একবারে মোটা অঙ্কের অর্থ জরিমানা করা হবে। এমনকি দু’টি বাড়ির পাঁচিলের মাঝে বা ফাঁকা জায়গায় নোংরা জমিয়ে রাখা হলেও জোড়া জরিমানা দিতে হবে দুই বাড়ির মালিককেই।

এদিন স্থানীয় বাসিন্দাদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। তিনি বলেন, “প্রতিদিন সকাল ৬টায় সাফাইকর্মীরা এলাকায় এলাকায় পৌঁছান। তাঁদের হাতে ময়লা না দিয়ে কেন অনেকে রাস্তার মোড়ে ফেলে আসছেন?” ডেঙ্গির মশা যে ধনী-দরিদ্র বা কার বাড়ি তা দেখে কামড়াবে না, সে কথাও স্মরণ করিয়ে দিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

একই সুর শোনা যায় পুর কমিশনার স্মিতা পান্ডের গলাতেও। তিনি সাফ জানিয়ে দেন, কর্পোরেশন কখনোই কারও ব্যক্তিগত বাড়ি পরিষ্কার করে দেবে না, নিজ নিজ প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার দায় নিজেদেরই নিতে হবে।

পরবর্তীকালে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলেও একই বার্তা তুলে ধরেন অগ্নিমিত্রা পাল। নির্দিষ্ট নিয়ম মেনে সরাসরি সাফাইকর্মীদের হাতে বর্জ্য তুলে দেওয়ার অনুরোধ জানান তিনি। নিজের বাড়ির পাশাপাশি চারপাশের পরিবেশ ও পাড়াকে পরিচ্ছন্ন রাখা নাগরিকদের মৌলিক দায়িত্ব— এই বার্তা দিয়ে ডেঙ্গিমুক্ত শহর গড়ার ডাক দিয়েছেন পুরমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *