‘পছন্দের স্কুলে বদলি হতে লাগবে ২ লাখ!’ বিস্ফোরক অডিও ফাঁসে হাইকোর্টের কড়া নির্দেশ

‘পছন্দের স্কুলে বদলি হতে লাগবে ২ লাখ!’ বিস্ফোরক অডিও ফাঁসে হাইকোর্টের কড়া নির্দেশ

কলকাতা: শিক্ষক বদলি প্রক্রিয়ায় আর্থিক লেনদেন ও দুর্নীতির অভিযোগে ফের শোরগোল রাজ্য রাজনীতিতে। পছন্দের স্কুলে বদলি পাইয়ে দেওয়ার নাম করে এক শিক্ষকের কাছ থেকে ২ লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠল। আদালতে প্রমাণ হিসেবে একটি চাঞ্চল্যকর অডিও রেকর্ডিং জমা পড়তেই তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

পুলিশকে অনুসন্ধানের নির্দেশ মামলার শুনানিতে উঠে আসে, ঠিক কোন নম্বর থেকে ওই শিক্ষকের কাছে টাকা চেয়ে ফোন করা হয়েছিল, তা দ্রুত খতিয়ে দেখা প্রয়োজন। এটি কেবল কোনো ব্যক্তির একক চেষ্টা, নাকি এর পেছনে বড় কোনো চক্র সক্রিয় রয়েছে—তা স্পষ্ট করতে কসবা থানার ওসি-কে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে পুলিশকে এই বিষয়ে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি, কসবা ডিআই-এর থেকেও রিপোর্ট তলব করেছেন বিচারপতি।

বদলি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ উল্লেখ্য, বিভিন্ন স্কুলে শিক্ষক-শিক্ষার্থীর ভারসাম্যহীনতা দূর করতে গত জুলাই মাসে ‘সারপ্লাস’ (উদ্বৃত্ত) শিক্ষকদের অন্য স্কুলে পাঠানোর জন্য একটি নতুন এসওপি (SOP) প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। যে স্কুলগুলিতে পড়ুয়া নেই বা শিক্ষকের সংখ্যা বেশি, সেখান থেকে অতিরিক্ত শিক্ষকদের প্রয়োজনীয় স্কুলে বদলি করার পরিকল্পনা ছিল।

তবে এই পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতেই এবং টাকা চাওয়ার অডিও টেপ সামনে আসতেই কড়া পদক্ষেপ নিল আদালত। নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়ায় উদ্বৃত্ত শিক্ষকদের বদলি করা যাবে না। ফলে একদিকে যেমন দুর্নীতি চক্রের সন্ধানে নামছে পুলিশ, অন্যদিকে শিক্ষক বদলির ভবিষ্যৎ আটকে রইল আদালতের পরবর্তী আদেশের ওপর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *