জন্মের আগেই মাধ্যমিক পাশ! নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা বাতিল চাইতে হাই কোর্টে কংগ্রেস

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামাকে কেন্দ্র করে এবার তুঙ্গে আইনি লড়াই। প্রার্থীর বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্যে ‘গুরুতর অসঙ্গতি’র অভিযোগ তুলে সরাসরি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস।
কংগ্রেসের মূল অভিযোগ, হলফনামায় দেওয়া প্রার্থীর তথ্যে বড়সড় গণ্ডগোল রয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রার্থীর বয়স ষাটের কোঠায়—অর্থাৎ তাঁর জন্ম আনুমানিক ১৯৬৬ সাল নাগাদ। অথচ একই নথিতে দাবি করা হয়েছে, তিনি মাধ্যমিক পাশ করেছেন ১৯৬৫ সালে! জন্মের এক বছর আগেই কীভাবে মাধ্যমিক পাশ সম্ভব, তা নিয়েই প্রশ্ন তুলেছে কংগ্রেস।
বুধবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে বিষয়টি তুলে ধরেন কংগ্রেস নেতা তথা আইনজীবী ঋজু ঘোষাল। নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার সমালোচনা করে তিনি দাবি জানান, ভুল বা ভুয়ো তথ্য দেওয়ার অপরাধে বিজেপি প্রার্থীর প্রার্থিপদ বাতিল করা হোক। আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে; বৃহস্পতিবারই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
এর আগে মঙ্গলবারও নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছিল প্রদেশ কংগ্রেস। সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেন, এত বড় গড়মিল নজরে আসা সত্ত্বেও কমিশন নীরব। তবে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে পদ্মশিবির জানিয়েছে, রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েই কংগ্রেস এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলছে।