মাদকমুক্ত বাংলার পথে বড় জয়! বাজেয়াপ্ত ২ লক্ষ বোতল কাফ সিরাপ, রাজ্য ছাড়ছে প্রস্তুতকারক সংস্থা

কলকাতা: বাংলাকে মাদকমুক্ত করতে বড় সাফল্য পেল রাজ্য প্রশাসন ও পুলিশ। দক্ষিণ দিনাজপুরে টানা মাদকবিরোধী অভিযানের জেরে বেআইনিভাবে পাচার ও মজুত করা প্রায় ২ লক্ষ বোতল কোডিন-যুক্ত কাফ সিরাপ বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে। পুলিশের এই কড়া ব্যবস্থার মুখে পড়ে পশ্চিমবঙ্গে কাফ সিরাপের সরাসরি বিক্রি বন্ধের ঘোষণা করল প্রস্তুতকারক সংস্থা ল্যাবোরেট ফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া লিমিটেড।
হরিরামপুর থানার তদন্তকারী আধিকারিককে পাঠানো ১৯ সেপ্টেম্বরের এক চিঠিতে সংস্থাটি জানিয়েছে, তাদের উৎপাদিত ‘এস্কাফ’ একটি লাইসেন্সপ্রাপ্ত ওষুধ হলেও অসাধু চক্র এটিকে মাদক হিসেবে অপব্যবহার করছে। পাচার রুখতে প্রশাসনের অভিযানে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে সংস্থাটি জানায়, ভবিষ্যতে পশ্চিমবঙ্গের কোনও ডিলারকে সরাসরি ‘এস্কাফ’ কফ সিরাপ দেওয়া হবে না। একই সঙ্গে কলকাতার সেলস ডিপোতে থাকা সমস্ত মজুত পণ্যও প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ জুলাই হরিরামপুর থানা এলাকায় দু’টি বাক্স কাফ সিরাপসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, ধৃতদের সঙ্গে তাদের কোনও সরাসরি ব্যবসায়িক লেনদেন ছিল না। মাদক অপব্যবহারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে যুবসমাজকে রক্ষা করতে এবং পাচারচক্র গুঁড়িয়ে দিতে পুলিশ প্রশাসনের এই কঠোর অভিযান জারি থাকবে। পুরো বিষয়টির বিবরণ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।