বৃষ্টি কমলেও স্বস্তি নেই! আজ ৪ জেলায় কালবৈশাখীর মতো ঝড়ের সতর্কতা

রাজ্যজুড়ে অবশেষে কমতে শুরু করেছে বৃষ্টির দাপট। আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ভারী বর্ষণের আর কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই এখন শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস। তবে বৃষ্টি কমলেও গরম ও আর্দ্রতাজনিত চরম অস্বস্তি পিছু ছাড়ছে না বঙ্গবাসীর।
দক্ষিণবঙ্গের ৪ জেলায় সতর্কতা: আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় রোদ ঝলমলে আকাশ থাকলেও ৪টি জেলায় বিকেলের দিকে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া এবং মুর্শিদাবাদে স্থানীয়ভাবে মেঘ জমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ হতে পারে।
কলকাতায় বৃষ্টি ও চরম গরমের স্পেল: কলকাতায় সকালে রোদের দেখা মিললেও সকাল ৯:৩০ থেকে ১১:৩০-এর মধ্যে আকাশ কিছুটা মেঘলা হতে পারে। হতে পারে হালকা থেকে মাঝারি এক-দুই পশলা বৃষ্টি (সম্ভাবনা ২৫%)। তবে দুপুরের পর আকাশ আবার পরিষ্কার হয়ে যাবে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস হলেও অতিরিক্ত আর্দ্রতার কারণে গরমের অনুভূতি পৌঁছাতে পারে ৪১ ডিগ্রির কাছাকাছি!
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের সমতলে (মালদা ও দুই দিনাজপুর) রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির পাহাড়ি অঞ্চলে সকাল থেকে দুপুরের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেলের পর উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে বেশ মনোরম পরিবেশ তৈরি হবে।