‘পুরভোটের টিকিট সবার জন্য নয়!’ কলকাতায় এসে সুকান্তের সুরেই মহাক্লাশ নিতিন নবীনের

‘পুরভোটের টিকিট সবার জন্য নয়!’ কলকাতায় এসে সুকান্তের সুরেই মহাক্লাশ নিতিন নবীনের

কলকাতা: বঙ্গ সফরের শেষ দিনে রাজ্য বিজেপি নেতৃত্বের জন্য স্পষ্ট ও কড়া বার্তা দিলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। গঙ্গা সাগর দর্শন সেরে সোদপুর জলহাটির লোকসংস্কৃতি ভবনের বৈঠকে যোগ দিয়ে আসন্ন পুরভোট, উপনির্বাচন এবং পুজো রাজনীতি নিয়ে একাধিক নির্দেশিকা তুলে ধরেন তিনি।

পুরভোটে টিকিট কাদের? নিতিন নবীন স্পষ্ট জানিয়ে দেন, দীর্ঘদিন দল করলেই পুরভোটে টিকিট পাওয়া নিশ্চিত নয়। ঠিক যেমনটা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আগেই ইঙ্গিত দিয়েছিলেন, প্রায় একই সুরে নিতিন বলেন, “দল যাঁদের যোগ্য মনে করবে এবং যাঁদের জেতার ক্ষমতা রয়েছে, তাঁরাই টিকিট পাবেন।” বিধায়কদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, যাঁরা টিকিট চান তাঁদের আগে সংগঠনের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।

ছবি তোলার ক্ষেত্রে চরম সতর্কতা জনসংযোগ বাড়ানোর পাশাপাশি বিধায়কদের নিজেদের ভাবমূর্তি নিয়ে সতর্ক থাকতে বলেছেন বিজেপি সভাপতি। বিশেষ করে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে ছবি তোলার ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। নিতিনের কথায়, “ছবি তোলার আগে ব্যক্তির অপরাধমূলক ব্যাকগ্রাউন্ড আছে কি না জেনে নেওয়া জরুরি, না হলে পরবর্তী সময়ে দলকে অস্বস্তিতে পড়তে হতে পারে।”

পুজো কমিটি নিয়ে বিশেষ বার্তা দুর্গাপুজো কমিটিগুলির সাথে ভালো সম্পর্ক রাখার নির্দেশ দেওয়া হলেও, জোর করে পুজো কমিটির সভাপতি বা পদ নেওয়ার জন্য চাপ সৃষ্টি না করার পরামর্শ দেন তিনি। পুজো কমিটি যদি স্বেচ্ছায় কোনো দায়িত্ব দেয়, তবেই তা গ্রহণ করা যাবে। এর সাথে নিতিন নবীন স্পষ্ট হুঁশিয়ারি দেন, দলের কোনো নেতা বা জনপ্রতিনিধি অসাধু বা অনৈতিক কাজে জড়িয়ে পড়লে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দল এক মুহূর্তও দেরি করবে না।

আজই সোদপুরের কর্মসূচি ও দুপুরে ‘যুব সংবাদ কনক্লেভ’-এ যোগ দিয়ে বিকেলের বিমানে দিল্লি ফিরে যাচ্ছেন বিজেপির এই সর্বভারতীয় সভাপতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *