পুরভোটেও ‘রিসর্ট রাজনীতি’! ঘোড়া কেনাবেচার ভয়ে ৪৪ প্রার্থীকে গোপন স্থানে সরাল কংগ্রেস

পুরভোটেও ‘রিসর্ট রাজনীতি’! ঘোড়া কেনাবেচার ভয়ে ৪৪ প্রার্থীকে গোপন স্থানে সরাল কংগ্রেস

গান্ধীনগর: বিধানসভা કે লোকসভা ভোটের পরিচিত ‘রিসর্ট পলিটিক্স’ বা প্রার্থী ভাঙানোর আশঙ্কা এবার দেখা দিল পুরভোটেও। গুজরাটের গান্ধীনগর পুরসভা নির্বাচন ঘিরে চড়ছে রাজনীতির পারদ। সূত্রের খবর, সোমবার মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হতেই কংগ্রেস তাদের ৪৪ জন প্রার্থীকে নিরাপদ ও গোপন আস্তানায় সরিয়ে নিয়ে গিয়েছে।

আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ওই প্রার্থীরা কংগ্রেসের কড়া নজরদারিতে থাকবেন, কারণ ওই দিনই মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। কংগ্রেসের অভিযোগ, দলীয় প্রার্থীদের ভয় দেখানোর পাশাপাশি পরিবারের সদস্যদের ফোন করে মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে শাসকদল বিজেপি। যেহেতু গান্ধীনগর লোকসভা কেন্দ্রটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের খাসতালুক, তাই হাতশিবির কোনো ঝুঁকি নিতে নারাজ।

তবে কংগ্রেসের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। পাল্টা তোপ দেগে বিজেপির দাবি, নিজেদের প্রার্থীদের ওপরই ভরসা নেই কংগ্রেস নেতৃত্বের, তাই তাঁদের এভাবে আটকে রাখতে হচ্ছে।

এক নজরে গান্ধীনগর পুরভোট:

  • মোট আসন: ১১টি ওয়ার্ডে ৪৪টি আসন (যার মধ্যে ২২টি মহিলাদের জন্য সংরক্ষিত)।
  • ভোটের দিন: আগামী ১১ অক্টোবর।
  • ফলপ্রকাশ: ১৩ অক্টোবর।

ইতিমধ্যে কমিশন বিজেপি ও কংগ্রেসের সবকটি মনোনয়ন বৈধ ঘোষণা করলেও ‘আপ’-এর একটি মনোনয়ন বাতিল হয়েছে। ফলে মূল লড়াই ত্রিমুখী হলেও শেষ মুহূর্তে প্রার্থী ধরে রাখার এই রাজনৈতিক দড়ি টানাটানিতে গান্ধীনগর পুরসভার উত্তাপ এখন চরমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *