নন্দীগ্রাম উপনির্বাচনে বড় চমক! ভোটের আগেই অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেসের মিলন

নন্দীগ্রাম উপনির্বাচনে বড় চমক! ভোটের আগেই অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেসের মিলন

কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচনের ঠিক মুখেই বড়সড় আইনি জয় পেল কংগ্রেস। খেজুড়ি ও নন্দীগ্রাম থানার মোট ৬টি মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মিলনের ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন মঞ্জুর হয়।

এই রায়ের ফলে ৬ অক্টোবরের ভোট গ্রহণ এবং ৯ অক্টোবরের ফলাফল প্রকাশের দিন নন্দীগ্রামে নিজের কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন তিনি। এমনকি নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারেও দেখা যেতে পারে নন্দীগ্রাম আন্দোলনের এই অন্যতম মুখকে।

আদালতের বিশেষ নির্দেশ:

  • ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিনে মুক্ত থাকবেন মিলন প্রধান।
  • ২১ অক্টোবর তাঁকে জেলার নিম্ন আদালতে উপস্থিত হতে হবে, যেখানে আদালত আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে।
  • জামিনে থাকা অবস্থায় তদন্তের প্রয়োজনে পুলিশ অফিসাররা দিনে দু’বার ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

রাজনৈতিক প্রতিক্রিয়া: হাইকোর্টের এই নির্দেশ আসতেই উৎফুল্ল কংগ্রেস শিবির। মিলন প্রধানের ভাই জানান, আদালতের এই রায়ে দিনরাত খেটে চলা দলীয় কর্মীরা ভোটের লড়াইয়ে নতুন অক্সিজেন পেলেন। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেন, “বিজেপি ভয় পেয়েছিল। আদালতের এই স্বস্তির রায়েই প্রমাণিত হলো মিথ্যা বেশি দিন টেকে না, সত্যেরই জয় হয়।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *