মহালয়ায় কাঁপবে ইডেন! একসঙ্গে বাজবে ৩০০০ ঢাক, মোদীর হাত ধরে ঐতিহাসিক সূচনা

কলকাতা: এবারের দুর্গাপুজোর সূচনাতেই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে তিলোত্তমা। মহালয়ার দিন খাস কলকাতায় আয়োজন করা হয়েছে এক অভূতপূর্ব মহোৎসবের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ইডেন গার্ডেন্সে ঢাকে কাঠি পড়তে চলেছে এই মেগা ইভেন্টের।
মহালয়ার দিন কী কী থাকছে আকর্ষণ?
- গঙ্গার ঘাটে সূচনার গান: মহালয়ার ভোরে গঙ্গার পাঁচটি প্রধান ঘাটে সনাতনী ‘মহিষাসুরমর্দিনী’-র মাধ্যমে দিনটির সূচনা হবে। সেজে উঠবে প্রতিটি ঘাট।
- রেড রোডে রোড শো: বেলার দিকে রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ রোড শো করার কথা রয়েছে।
- ইডেনে মূল অনুষ্ঠান ও পুজো উদ্বোধন: বিকেল ৫টা থেকে ইডেন গার্ডেন্সে শুরু হবে মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধানমন্ত্রী মাতৃপ্রতিমায় চক্ষুদান করার পর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ভার্চুয়ালি কলকাতার ৫টি নামী পুজো (শ্রীভূমি, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, সন্তোষ মিত্র স্কোয়ার ও ত্রিধারা সম্মিলনী) উদ্বোধন করবেন এবং রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দেবেন।
- ড্রোন শো ও আতশবাজি: রাত সাড়ে ৮টায় ইডেন চত্বরে থ্রি-ডি (3D) ম্যাপিং, জমকালো ড্রোন শো এবং বর্ণাঢ্য আতশবাজির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
৩০০০ ঢাকে বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ: এই উমা বরণ পর্বকে স্মরণীয় করে তুলতে ইডেন গার্ডেন্সে একসঙ্গে ৩,০০০ জন ঢাকি ঢাক বাজাবেন। একসঙ্গে ৩ হাজার ঢাকের বাদ্যি দিয়ে একটি নতুন বিশ্বরেকর্ড গড়ার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে।
সাধারণ মানুষের জন্য বিশেষ ব্যবস্থা: নিরাপত্তার কারণে ইডেনের মূল অনুষ্ঠানে সাধারণ মানুষের জন্য কোনো টিকিট থাকছে না, সেখানে কেবল আমন্ত্রিত অতিথিরাই থাকবেন। তবে সাধারণ মানুষ যাতে এই গ্র্যান্ড ইভেন্ট উপভোগ করতে পারেন, তার জন্য রেড রোডে বিশাল জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে। সেখান থেকেই সরাসরি এই মহোৎসবের সম্প্রচার দেখা যাবে।