হাওড়া ডিভিশনে ফের সফর ভোগান্তি! টানা বাতিল ১২টি লোকাল, দেখে নিন দিন ও সময় সূচি

পূজোর আবহেই ফের হাওড়া ডিভিশনে রেল চলাচলে বিঘ্ন ঘটার খবর। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, ব্যান্ডেল ও শক্তিগড় স্টেশনের মধ্যে ওভারহেড বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণের কাজের কারণে জরুরি ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হচ্ছে। ফলে আগামী ৭ দিনের মধ্যে নির্ধারিত ৩টি দিনে ট্রেন চলাচলে বড়সড় প্রভাব পড়বে।
কবে এবং কতক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হবে? পূর্ব রেলের তথ্য অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর, ২ অক্টোবর এবং ৫ অক্টোবর—এই তিন দিন ব্যান্ডেল-শক্তিগড় সেকশনে ৯০ মিনিটের জন্য ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। মাঝরাত ২টো ১৫ মিনিট থেকে ভোর রাত ৩টে ৪৫ মিনিট পর্যন্ত এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
প্রতিদিন ৪টি করে মোট ১২টি লোকাল ট্রেন বাতিল: ব্লকের সময়সীমার কারণে নির্ধারিত দিনগুলিতে প্রতিদিন ৪টি করে মোট ১২টি লোকাল ট্রেন বাতিল রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা নিচে দেওয়া হলো:
- ৩৭৮১২ বর্ধমান – হাওড়া লোকাল: (ভোর ৩:০৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়ার কথা)
- ৩৭৭৮৬ বর্ধমান – ব্যান্ডেল লোকাল: (ভোর ৩:০৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়ার কথা)
- ৩৭৮১১ হাওড়া – বর্ধমান লোকাল: (ভোর ৪:১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ার কথা)
- ৩৭৭৮১ ব্যান্ডেল – বর্ধমান লোকাল: (ভোর ৩:৪৫ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ার কথা)
উল্লেখিত তিন দিন এই ৪টি ট্রেন সম্পূর্ণ বাতিল থাকবে, যার ফলে ভোররাতের নিত্যযাত্রী ও ব্যবসায়ীদের ভোগান্তিতে পড়তে হতে পারে।
বিন্দুবাসিনী হল্ট স্টেশনে মিলবে বিশেষ স্টপেজ: ট্রেন বাতিলের খবরের পাশাপাশি যাত্রীদের জন্য একটি স্বস্তির খবরও দিয়েছে পূর্ব রেল। আগামী ৩ অক্টোবর পর্যন্ত বিন্দুবাসিনী হল্ট স্টেশনে দুটি প্যাসেঞ্জার ট্রেনের জন্য বিশেষ অস্থায়ী স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন দুটি হলো:
- ৫৩৪২২ আজিমগঞ্জ – বারহারওয়া প্যাসেঞ্জার
- ৫৩৪৩৪ বারহারওয়া – আজিমগঞ্জ প্যাসেঞ্জার
এই অস্থায়ী স্টপেজের ফলে স্থানীয় যাত্রীরা অনেকটাই উপকৃত হবেন। তবে ব্যান্ডেল-বর্ধমান সেকশনে ভোরের ট্রেন ধরার আগে যাত্রীদের রেলের পরিবর্তিত সময়সূচি দেখে বেরনোর পরামর্শ দেওয়া হচ্ছে।