ইডি-র জালে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল? ‘মোহরে বহু কিছু হয়েছে’, তোপ দাগলেন স্থানীয় বিধায়ক!

ইডি-র জালে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল? ‘মোহরে বহু কিছু হয়েছে’, তোপ দাগলেন স্থানীয় বিধায়ক!

দুর্গাপুজোর ‘ভুয়ো পাস’ বিক্রি করে কোটি কোটি টাকা দুর্নীতির তদন্তে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ইন্দ্রনীল সেনের একাধিক আস্তানায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার ভোরে একযোগে সিঙ্গুরের বিলাসবহুল বাগানবাড়ি ‘মোহর’ এবং কলকাতার কসবার বাড়িতে ইডি-র পৃথক দুটি দল তল্লাশি অভিযান শুরু করে।

ইডি হানার মূল কারণ কী? অভিযোগ উঠেছে, ইউনেস্কো (UNESCO)-র নাম ব্যবহার করে দুর্গাপুজোর প্রিভিউ দেখানোর নামে ভুয়ো পাস তৈরি করে বিপুল অঙ্কের টাকা তছরুপ করেছেন ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর অধীনস্থ সংস্থা। সেই ঘটনার আর্থিক লেনদেনের সুতো ধরেই এই তল্লাশি।

সিঙ্গুরের ‘মোহর’ নিয়ে তুঙ্গে বিতর্ক: মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ তিনটি গাড়িতে কেন্দ্রীয় বাহিনী ও দু’টি গাড়িতে ইডি কর্তারা সিঙ্গুরের ছুটিপুরে ইন্দ্রনীল সেনের ৩-সাড়ে ৩ বিঘার বিশাল বাগানবাড়ি ‘মোহর’-এ পৌঁছন। স্থানীয়দের মতে, প্রায় ৮-১০ বছর আগে জায়গাটি কিনে এই বাগানবাড়ি তৈরি করা হয়, যেখানে মাসে ২-৩ বার প্রাক্তন মন্ত্রী আসতেন।

ইডি তল্লাশির খবর ছড়াতেই প্রাক্তন মন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে বাগানবাড়ির বাইরে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ভয় দেখিয়ে ও ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে এই জমি কেনা হয়েছিল।

‘মোহরে বহু কিছু হয়েছে’—বিস্ফোরক তোপ: ঘটনা প্রসঙ্গে চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ চরম হুঁশিয়ারি দিয়ে জানান, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জিরো টলারেন্স নীতিতেই একের পর এক দুর্নীতিগ্রস্তদের নাম সামনে আসছে। দুর্নীতির কিংপিনের বাড়িতেই আজ রেড হচ্ছে। শোনা যাচ্ছে, কোটি কোটি টাকার তছরুপের সঙ্গে এই ‘মোহরে’ বহু কিছু হয়েছে। অসাধুদের মনে রাখা উচিত, এই সরকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *