নন্দীগ্রাম উপনির্বাচন: হাইকোর্টে বড় জয় বিজেপির, খারিজ কংগ্রেসের আর্জি!

নন্দীগ্রাম উপনির্বাচন: কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল প্রদেশ কংগ্রেস। নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়নপত্রের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা খারিজ করল আদালত। প্রার্থীর বয়স ও মাধ্যমিক পাশের জন্মসাল বিতর্কে কংগ্রেসের তোলা সমস্ত অভিযোগ নাকচ করে দিয়েছে বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ।
কেন খারিজ হলো কংগ্রেসের আবেদন? মামলার শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী যুক্তি দেন যে, মনোনয়নপত্র স্ক্রুটিনির (যাচাইকরণ) সময় কংগ্রেসের পক্ষ থেকে কোনো আপত্তি তোলা হয়নি। স্ক্রুটিনি চলাকালীন অভিযোগ উঠলে কমিশন বিষয়টি খতিয়ে দেখার সুযোগ পেত। সেই পর্ব শেষ হয়ে যাওয়ার পর কেবল মাধ্যমিক সার্টিফিকেট বা বয়সের অসঙ্গতির অজুহাতে মনোনয়ন বাতিলের দাবি তোলা আইনত গ্রহণযোগ্য নয়।
বিজেপির আইনজীবীর সওয়াল: বিজেপি প্রার্থী হাসিরানি রথের আইনজীবী জয়দীপ কর আদালতে জানান, মনোনয়ন জমা বা স্ক্রুটিনির সময়ে প্রশ্ন না তুলে পরবর্তী পর্যায়ে মামলা দায়ের করা অত্যন্ত ‘অপরিণত’ (premature) পদক্ষেপ। তাছাড়া কোনো ছোটখাটো ভুল বা অসঙ্গতি থাকলে তা সংশোধনের সুযোগ প্রার্থীকে দেওয়া উচিত।
কংগ্রেসের অভিযোগ কী ছিল? প্রদেশ কংগ্রেসের আইনজীবী ঋজু ঘোষাল দাবি করেছিলেন, প্রার্থীর হলফনামায় তাঁর বয়স বলা হয়েছে ৬০ বছর, অথচ মাধ্যমিক পাশের জায়গায় লেখা রয়েছে ১৯৬৫ সাল। কংগ্রেসের বক্তব্য ছিল— হয় প্রার্থী নিজের বয়স নিয়ে মিথ্যাচার করছেন, না হয় তাঁর মাধ্যমিক সার্টিফিকেট ভুয়ো। এই অসঙ্গতিকেই হাতিয়ার করে মনোনয়ন বাতিলের আবেদন জানিয়েছিল তারা।
তবে উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, এই পর্যায়ে কংগ্রেসের দাবি মেনে মনোনয়নপত্র বাতিল করা সম্ভব নয়। আদালতের চূড়ান্ত নির্দেশের কপি প্রকাশ পেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।