‘এটা কি সত্যি!’ বিজেপি নেত্রীর মন্তব্যে তাজ্জব হৃতিক, তুমুল তোলপাড় নেটপাড়ায়

বিজেপি সাংসদের অদ্ভুত যুক্তি দেখে চরম বিস্ময় প্রকাশ করলেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর পিতৃতন্ত্র বিরোধী বক্তব্যের জবাবে ‘বন্দে মাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ জানিয়েছিলেন বিজেপি নেত্রী বাঁসুরী স্বরাজ। সেই পুরনো ভিডিও দেখেই সোশ্যালে প্রতিক্রিয়া জানিয়েছেন ‘গ্রিক গড’।
ঠিক কী ঘটেছিল? গত অগাস্ট মাসে পুণেতে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠানে যোগ দিয়ে এনইইটি (NEET) আন্দোলনের ছাত্রীদের ওপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানান রাহুল গান্ধী। মঞ্চ থেকে তিনি বলেন, “পিতৃতন্ত্র মেয়েদের ওপর ভয় ও দমননীতি প্রয়োগ করে নিয়ন্ত্রণ কায়েম করতে চায়। এই পিতৃতন্ত্র ও মনুবাদী মানসিকতাকে গুঁড়িয়ে দিতে আমাদের একজোট হতে হবে।”
বিজেপি নেত্রীর বিতর্কিত পাল্টা জবাব: রাহুলের এই বক্তব্যের জবাবে সুষমা স্বরাজের কন্যা তথা বিজেপি সাংসদ বাঁসুরী স্বরাজ বলেন, “পিতৃতন্ত্রকে গুঁড়িয়ে দিতে চাইলে আপনাকে চ্যালেঞ্জ করছি, বন্দে মাতরমের ছ’টি স্তবক গেয়ে শোনান।” তবে পিতৃতন্ত্র ও নারী অধিকারের লড়াইয়ের সঙ্গে ‘বন্দে মাতরম’ গাওয়ার কী সম্পর্ক, তা নিয়ে তখনই প্রশ্ন ওঠে।
তাজ্জব হৃতিক, ভাইরাল পোস্ট: সম্প্রতি কংগ্রেস নেত্রী রুচিরা চতুর্বেদীর পোস্ট করা বাঁসুরীর সেই ভিডিওটি নজরে আসে হৃতিক রোশনের। বিদ্রুপ ও বিস্ময় প্রকাশ করে হৃতিক কমেন্টে লেখেন, “হ্যাঁ? এটা কি সত্যিই! ওয়াও!”
হৃতিকের এই সোজাসাপ্টা মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের বড় অংশ হৃতিককে সমর্থন জানিয়ে বলছেন, দেশপ্রেম আর পিতৃতন্ত্র— দুটো সম্পূর্ণ আলাদা বিষয়কে গুলিয়ে ফেলেছেন বিজেপি নেত্রী।
কেন বিশেষ তাৎপর্যপূর্ণ? বর্তমান সময়ে প্রথম সারির বলিউড তারকারা রাজনৈতিক বা কেন্দ্র সরকারের কোনও মন্তব্যের ওপর প্রতিক্রিয়া দেওয়া এড়িয়েই চলেন। সেখানে দাঁড়িয়ে হৃতিক রোশনের মতো তারকা সোচ্চার হওয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বলিপাড়া ও রাজনৈতিক মহল।