পুজোর শপিংয়ে আর উপচে পড়া ভিড়ের ভয় নেই! শনি-রবি অতিরিক্ত ট্রেন চালাচ্ছে মেট্রো
September 30, 202610:18 am
কলকাতা: দুর্গাপুজোর কেনাকাটার কেনাকাটা ইতিমধ্যেই জমজমাট। শহরের অলিগলি থেকে বড় বড় শপিং মল— সর্বত্রই কেনাকাটার ভিড় সামলাতে হিমশিম অবস্থা। এই পরিস্থিতিতে আমজনতা ও পুজোপ্রেমীদের যাতায়াত সহজ করতে বড় পদক্ষেপ নিল কলকাতা মেট্রো রেল। পুজোর আগের দুই উইকএন্ডে (শনিবার ও রবিবার) অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ৩, ৪, ১০ এবং ১১ অক্টোবর ব্লু, গ্রিন এবং ইয়েলো— এই তিন লাইনেই বাড়তি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। তবে অতিরিক্ত ট্রেন চললেও প্রতিটি লাইনের প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনো পরিবর্তন হচ্ছে না।
শনিবারে বাড়বে কতগুলো ট্রেন? (৩ ও ১০ অক্টোবর)
- ব্লু লাইন: পুজো কেনাকাটায় সবচেয়ে বেশি চাপ থাকে এই রুটে। সাধারণত শনিবারে ২৫২টি ট্রেন চলে। তবে ৩ ও ১০ অক্টোবর এই রুটে ২৭২টি ট্রেন চলবে (১৩৬টি আপ ও ১৩৬টি ডাউন)। অর্থাৎ যাত্রীরা ২০টি অতিরিক্ত ট্রেন পাবেন।
- গ্রিন লাইন: এই লাইনে সাধারণত শনিবারে ২১২টি পরিষেবা থাকে। তবে পুজোর আগে ২৪টি বাড়তি ট্রেন যোগ করে মোট ২৩৬টি পরিষেবা (১১৮টি আপ ও ১১৮টি ডাউন) দেওয়া হবে।
- ইয়েলো লাইন: শনিবারে সবচেয়ে বেশি অতিরিক্ত ট্রেন বাড়ছে এই লাইনে। সাধারণ দিনের ৯২টি ট্রেনের বদলে চালানো হবে ১২০টি ট্রেন (৬০টি আপ ও ৬০টি ডাউন)। অর্থাৎ মিলবে ২৮টি অতিরিক্ত মেট্রো।
রবিবারের বিশেষ সূচি (৪ ও ১১ অক্টোবর)
- ব্লু লাইন: রবিবারে সাধারণত ১৫২টি ট্রেন চলাচল করে। তবে ৪ ও ১১ অক্টোবর ৩৬টি বাড়তি ট্রেনসহ মোট ১৮৮টি মেট্রো চলবে (৯৪টি আপ ও ৯৪টি ডাউন)।
- গ্রিন লাইন: রবিবারে সাধারণ ১১১টি পরিষেবার বদলে ১২৫টি ট্রেন চালানো হবে (৬২টি আপ ও ৬৩টি ডাউন)। অর্থাৎ ১৪টি অতিরিক্ত ট্রেন মিলবে।
- ইয়েলো লাইন: রবিবারে এই লাইনে স্বাভাবিক ৭৮টি মেট্রোই চলবে। তবে জয় হিন্দ বিমানবন্দর এবং দক্ষিণেশ্বরের মধ্যে সরাসরি ট্রেনের সংখ্যায় সামান্য রদবদল করা হয়েছে। সাধারণত এই রুটে ৩টি সরাসরি ট্রেন চললেও ওই দু’দিন ২টি সরাসরি মেট্রো পাওয়া যাবে।