থানেতে চাঞ্চল্য! দলীয় কার্যালয়ে ঢুকে শিবসেনা নেতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি, মৃত্যু
থানে: মহারাষ্ট্রের থানে জেলায় শিবসেনার (উদ্ধব বালাসাহেব ঠাকরে গোষ্ঠী) স্থানীয় নেতা প্রদীপ পুরনেকারকে গুলি করে হত্যা করা হলো। মঙ্গলবার রাতে থানের কাপুরবাওদি থানা এলাকার দলীয় কার্যালয়ে ঢুকে দুষ্কৃতীরা এই হামলা চালায়। এই ঘটনায় গোটা মানপাদা ও মনোরমা নগর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
কী ঘটেছিল সে দিন? পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ৯টা নাগাদ ঘোডবান্দের রোডের দলীয় কার্যালয়ে বসেছিলেন মানপাদা এলাকার নেতা প্রদীপ পুরনেকার। ঠিক সেই সময়ে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী অফিসে ঢুকে পড়ে। তারা প্রথমে প্রদীপবাবুকে মারধর করে এবং তার পরেই তাঁকে লক্ষ্য করে অন্তত দু’রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয়। রক্তাত অবস্থায় তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
খুনের কারণ ঘিরে জল্পনা: হত্যাকাণ্ডের আসল কারণ কী, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে পুলিশের একটি সূত্রের দাবি, স্থানীয় আজাদ নগর ও গণেশ নগরের বাসিন্দাদের সমস্যা নিয়ে সম্প্রতি একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিলেন প্রদীপ। পুলিশ অনুমতি না দেওয়ায় তিনি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়ে একটি পোস্টও করেন। ওই পোস্টের সঙ্গে খুনের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশি তৎপরতা ও উত্তেজনা: ঘটনার পর থেকেই আততায়ীদের খোঁজে গোটা থানে জেলাজুড়ে নাকা তল্লাশি শুরু হয়েছে। থানে থেকে অন্য জেলায় যাওয়ার সবকটি রাস্তায় নজরদারি চালানো হচ্ছে। ঘোডবান্দের রোড ও সংলগ্ন এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
এদিকে প্রদীপ পুরনেকারের মৃত্যুর খবর জানাজানি হতেই রাজপথে নামেন স্থানীয় বাসিন্দা ও শিবসেনার কর্মী-সমর্থকেরা। একাধিক রাস্তার মোড়ে জটলা সৃষ্টি হয়। থানের মতো আবাসন এলাকাতেও এমন দুঃসাহসিক হামলায় সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র প্রশ্ন উঠতে শুরু করেছে।