SSC Scam: ‘তাহলে এতদিন কী তদন্ত করছিলেন?’ সিবিআই-কে বেনজির তোপ বিচারপতি অমৃতা সিনহার!

SSC Scam: ‘তাহলে এতদিন কী তদন্ত করছিলেন?’ সিবিআই-কে বেনজির তোপ বিচারপতি অমৃতা সিনহার!

কলকাতা: রাজ্য জুড়ে আলোড়ন ফেলা শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)-কে নজিরবিহীন প্রশ্নের মুখে পড়তে হল কলকাতা হাইকোর্টে। ২০২২ সালে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ (SIT) ভেঙে দেওয়ার আবেদন জানিয়েছিল সিবিআই। সিবিআই-এর সেই আবেদন তালিকা বহির্ভূত বা ‘ডিলিস্ট’ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

সিবিআই-কে কড়া প্রশ্ন বিচারপতির শুনানি চলাকালীন তদন্তের ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে উদ্দেশ্য করে তিনি সরাসরি প্রশ্ন তোলেন—

“এই মুহূর্তে তদন্ত ঠিক কোন পর্যায়ে রয়েছে? তদন্তে আদৌ কি কিছু উঠে এসেছে? তাহলে আপনারা এতদিন কীসের তদন্ত করছিলেন? এই তদন্তের ভবিষ্যৎ কী?”

কেন সিট ভাঙতে চায় সিবিআই? আদালতে সিবিআই-এর পক্ষে আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান, সিট-এ থাকা অনেক অফিসারই সম্প্রতি অবসর নিয়েছেন এবং বেশ কয়েকজন অবসরের মুখে। তদন্ত প্রক্রিয়ার খাতিরে তাঁদের রিলিজ করা প্রয়োজন, তাই সিট ভেঙে দেওয়ার আবেদন জানানো হয়েছে।

আইনজীবীদের কড়া আপত্তি সিবিআই-এর এই আর্জিকে চরম উদ্বেগজনক বলে দাবি করেন মামলাকারীদের আইনজীবীরা:

  • বিকাশরঞ্জন ভট্টাচার্য: “সিবিআই সিট ভেঙে দিতে চাইছে, এটা অত্যন্ত গুরুতর একটি বিষয়।”
  • সুদীপ্ত দাশগুপ্ত: “সিবিআই এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপই করেনি।”
  • ফিরদৌস শামিম: “সিট ভেঙে দিলে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হবে। তদন্তই যদি না হয়, তবে সিট গঠন করা হয়েছিল কেন?”

হাইকোর্টের স্পষ্ট বার্তা সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা জানান, সুপ্রিম কোর্ট যেহেতু মূল প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়ে রেখেছে, তাই হাইকোর্ট এই মামলায় এখন কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। সেই কারণেই আবেদনটি ডিলিস্ট করা হলো। তবে সিবিআই চাইলে সিট ভাঙার এই আবেদন নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলে পরামর্শ দিয়েছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *