পর পর ৪ বার এড়ালেন হাজিরা! এবার মহুয়া মৈত্রকে পঞ্চমবার সমন পুলিশের

পর পর ৪ বার এড়ালেন হাজিরা! এবার মহুয়া মৈত্রকে পঞ্চমবার সমন পুলিশের

ডায়মন্ড হারবার: বারবার পুলিশের তলব এড়িয়ে অবশেষে পঞ্চমবারের মতো নোটিশ পেলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানা আগামী ৩রা অক্টোবর তাঁকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। এর আগে চলতি মাসেই টানা ৪ বার নোটিশ পাঠানো সত্ত্বেও থানায় যাননি তিনি।

কী নিয়ে এই আইনি বিতর্ক? গত ১ সেপ্টেম্বর রাতে নিজের ‘এক্স’ (টুইটার) হ্যান্ডেলে একটি বিস্ফোরক পোস্ট করেন মহুয়া। সেখানে তিনি অভিযোগ করেন, উত্তরবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি অনুষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের আইপিএস ও আইএএস অফিসারদের ব্রাত্য রাখা হয়েছিল। পোস্টে তিনজন প্রশাসনিক আধিকারিকের নাম তুলে ধরে সংখ্যালঘু প্রশাসকদের বাদ দেওয়ার অভিযোগ তোলেন তিনি।

সাম্প্রদায়িক উসকানির অভিযোগ: সাংসদের এই পোস্ট ঘিরে তীব্র আপত্তি জানান ডায়মন্ড হারবারের এক বাসিন্দা। তাঁর দাবি, এই ধরনের মনগড়া অভিযোগ সমাজে সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করে এবং সম্প্রীতি নষ্ট করে। এর প্রেক্ষিতেই তিনি ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায় লিখিত মামলা দায়ের করেন।

বারবার তলব এড়িয়েছেন সাংসদ: মামলা দায়ের হওয়ার পর চলতি সেপ্টেম্বরেই তাঁকে পর পর ৪ বার থানায় ডেকে পাঠানো হয়েছিল। তবে প্রতিবারই অনুপস্থিত থেকেছেন সাংসদ। পুলিশ সূত্রের খবর, এবার পঞ্চমবারের মতো নোটিশ পাঠিয়ে ৩রা অক্টোবর তাঁকে চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছে।

অভিযোগকারীর আইনজীবীর দাবি: অভিযোগকারীর আইনজীবী শীর্ষেন্দু দাস জানান, “সাংসদ সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকভাবে অপ্রীতিকর বক্তব্য ছড়ান। স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনা সংক্রান্ত মন্তব্য থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মারাত্মক। নোটিশ সত্ত্বেও তিনি হাজিরা দিচ্ছেন না।”

এখন দেখার, আগামী ৩রা অক্টোবর পঞ্চমবারের নোটিশে সাড়া দিয়ে ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায় মহুয়া মৈত্র উপস্থিত হন কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *