‘ভয়ঙ্কর ক্ষত, একটুর জন্য ধমনী বাঁচে…’ গড়িয়াহাটের স্কুলে রক্তাক্ত নবম শ্রেণির ছাত্র, ডাক্তার কী জানালেন?

‘ভয়ঙ্কর ক্ষত, একটুর জন্য ধমনী বাঁচে…’ গড়িয়াহাটের স্কুলে রক্তাক্ত নবম শ্রেণির ছাত্র, ডাক্তার কী জানালেন?

কলকাতা: ক্লাসরুমের ভেতরেই রক্তাক্ত কাণ্ড! দক্ষিণ কলকাতার গড়িয়াহাট থানা এলাকার একটি নামী বেসরকারি স্কুলে নবম শ্রেণির এক ছাত্রের ওপর সহপাঠীর হামলার ঘটনায় চরম চাঞ্চল্য ছড়াল। অভিযুক্ত ছাত্র ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার সহপাঠীকে। গুরুতর জখম অবস্থায় তাকে তড়িঘড়ি বাইপাস সংলগ্ন রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অলৌকিক প্রাণরক্ষা! চিকিৎসকরা কী বলছেন? হাসপাতাল সূত্রে খবর, ১৫ বছর বয়সি ওই পড়ুয়ার গলায় এবং বাঁ হাতের আঙুলে গভীর ক্ষত তৈরি হয়েছিল। তড়িঘড়ি তাকে ইমার্জেন্সি থেকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জন ডাঃ দীপাঞ্জন দে জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন।

সিনিয়র চিকিৎসক জয়দীপ ঘোষ জানান, আঘাত অত্যন্ত আশঙ্কাজনক ছিল। ক্ষতচিহ্নটি গলার পেশি থেকে মুখ পর্যন্ত বিস্তৃত। চিকিৎসকের কথায়, “ক্ষতস্থানের খুব কাছেই প্রধান ধমনী থাকে, যা সরাসরি হৃদপিণ্ড থেকে মস্তিষ্কে রক্ত পরিবহন করে। ভাগ্যক্রমে ধমনীতে আঘাত লাগেনি, তাই বড় বিপদ এড়ানো গেছে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও মারাত্মক শারীরিক ও মানসিক ট্রমার মধ্য দিয়ে যেতে হবে কিশোরকে।”

অভিযুক্তের ব্যাকগ্রাউন্ড ও পুলিশি পদক্ষেপ: ঘটনার পরই স্কুল কর্তৃপক্ষের তরফে গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

স্কুল সূত্রে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত পড়ুয়াটি ‘অটিজম স্পেকট্রাম’-এ আক্রান্ত। এত বড় ঘটনা কীভাবে ঘটল এবং স্কুলের নিরাপত্তা পেরিয়ে কীভাবে ভেতরে ধারালো বস্তু এল—তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *