পুজোর আগেই বড় চমক! ৬০% থেকে ৬৩% হচ্ছে কেন্দ্রীয় কর্মীদের ডিএ?

উৎসবের মরশুমের ঠিক আগেই কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য চলে এল এক দুর্দান্ত খবর! অষ্টম বেতন কমিশন নিয়ে জোর আলোচনার মাঝেই সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী আরও এক দফা মহার্ঘ ভাতা (ডিএ) বাড়াতে চলেছে কেন্দ্র।
একলাফে ৩% বৃদ্ধির সম্ভাবনা
সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের (AICPI-IW) সাম্প্রতিক পরিসংখ্যান পর্যবেক্ষণ করে আর্থিক বিশেষজ্ঞরা স্পষ্ট অনুমান করছেন, এবার ডিএ একধাক্কায় ৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে কর্মচারীরা ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন, যা এই সিদ্ধান্তের পর দাঁড়াবে ৬৩ শতাংশে।
তিন মাসের বকেয়া সহ ঢুকবে মোটা টাকা
উল্লেখ্য, চলতি বছরেই ডিএ ২ শতাংশ বাড়িয়ে ৫৮% থেকে ৬০% করা হয়েছিল। এবার নতুন ৩ শতাংশ বৃদ্ধি কার্যকর হবে গত জুলাই মাস থেকে। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বকেয়া টাকা (অ্যারিয়ার) এবং বর্ধিত বেতন একসঙ্গে কর্মীদের অ্যাকাউন্টে জমা পড়বে।
পুজোর কেনাকাটার মরশুমে কেন্দ্রের এই সম্ভাব্য পদক্ষেপে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া লক্ষাধিক সরকারি কর্মী ও পেনশনভোগীদের পরিবারে।