বৃহস্পতিবারও রেলযাত্রীদের দুর্ভোগ! একসঙ্গে বাতিল ২২ ট্রেন, বদলাল দূরপাল্লার রুটও

মালদহ ও বিহার সীমান্তে গঙ্গার ভয়াবহ ভাঙনে রেললাইন এবং সংলগ্ন এলাকাগুলি সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। এর জেরে বৃহস্পতিবার (১ অক্টোবর) পরিস্থিতি আরও উদ্বেগজনক আকার ধারণ করায় পূর্ব রেল কর্তৃপক্ষ বাধ্য হয়ে ২২টি প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন বাতিল ঘোষণা করেছে। রেলের তরফে জানানো হয়েছে, গঙ্গার জলস্তর না কমা এবং প্লাবিত এলাকার মাটি শক্ত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কোনও নিশ্চয়তা নেই। ফলে আগামী দিনে যাত্রীদের চরম ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে সাহেবগঞ্জ-মালদহ টাউন মেমু, হাওড়া-সাহেবগঞ্জ ইন্টারসিটি এবং ভাগলপুর মেমু-র মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন রয়েছে।
ক্ষতিগ্রস্ত রেললাইনের কারণে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। আনন্দ বিহার-আগরতলা তেজস রাজধানী এবং দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেল জামালপুর-কাটিহার রুট দিয়ে চলবে। অন্যদিকে, ভাগলপুর-রাঁচি বনাঞ্চল এক্সপ্রেসকে দুমকা-রামপুরহাট হয়ে এবং গয়া-হাওড়া এক্সপ্রেসকে কিউল-আসানসোল পথ ধরে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, আংশিক রুট পরিবর্তন করে রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার আজ সাহেবগঞ্জ থেকে এবং ভাগলপুর-আজিমগঞ্জ প্যাসেঞ্জার বারহরওয়া থেকে যাত্রা শুরু করবে।