পুজোর আগে কি ফের দুর্যোগের কালো মেঘ? আবহাওয়ার বড় আপডেট জানাল হাওয়া অফিস
শারদীয় উৎসবের আনন্দ কি মাটি হবে বৃষ্টির জেরে? নিম্নচাপের প্রাথমিক ধাক্কা কাটলেও হাওয়া অফিস জানিয়েছে, অক্টোবরের মাঝামাঝি সময়ে আবহাওয়ায় ফের বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন ওয়েদার সিস্টেম তৈরি হতে পারে, যা পরবর্তীতে ১৫ অক্টোবর নাগাদ অন্ধ্র-ওডিশা উপকূলের দিকে এগোতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে।
তবে আপাতত পুজোর মুখে দক্ষিণবঙ্গ ও কলকাতার আকাশ মূলত শুষ্ক থাকবে এবং ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য বাড়ার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি থেকে সমতল এলাকাতেও আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, ফলে মোটের ওপর স্বস্তিদায়ক আবহাওয়াতেই কাটবে উৎসবের দিনগুলি।