কোটি টাকার জমি দখল, প্রাক্তন মন্ত্রীর ভাই-ছেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

কোটি টাকার জমি দখল, প্রাক্তন মন্ত্রীর ভাই-ছেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

হরিশ্চন্দ্রপুর থানার বাংরুয়া এলাকায় কোটি টাকা মূল্যের পৈতৃক জমি দখলের অভিযোগে ব্যাপক রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। অভিযোগের তির রাজ্যের প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী তাজমুল হোসেনের ভাই জম্বুর রহমান এবং ছেলে ইমরান হোসেনের দিকে। কৃষক মেহেবুল আলম ও তাঁর ছেলেদের দাবি, ২০২৩ সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক তাঁদের ১৮ শতক জমি দখল করা হয়। সেসময় মারধর ও মিথ্যা মামলার ভয়ে তাঁরা মুখ খোলেননি। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর, সম্প্রতি হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই কৃষক পরিবার।

এই চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে চাঁচল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিডিও, পুলিশ ও ভূমি সংস্কার দপ্তরের কর্তাদের নিয়ে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে, প্রাক্তন মন্ত্রীর ভাই জম্বুর রহমান সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর পাল্টা দাবি, জমিটি তাঁরা নিয়ম মেনে বায়না করে কিনেছিলেন। বর্তমানে ওই এলাকায় জমির দাম বহুগুণ বৃদ্ধি পাওয়ায় ষড়যন্ত্র করে তাঁদের ফাঁসানো হচ্ছে। ঘটনার প্রকৃত সত্যতা যাচাই করতে ইতিমধ্যেই কড়া তদন্ত শুরু করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *