পুজোর আবহেই ধামাকা! একধাক্কায় ১০ হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ল রাজ্যের শিক্ষাকর্মীদের

পুজোর মুখে রাজ্য সরকারের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী ও পার্শ্বশিক্ষকদের জন্য বড় সুখবর। একধাক্কায় মাসের বেতন অনেকটাই বাড়াল পশ্চিমবঙ্গ সরকার। পদভেদে কারও মাসিক বেতন ৫ হাজার টাকা, কারও ৬ হাজার টাকা, আবার কিছু ক্ষেত্রে একলাফে ১০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। রাজ্য ক্যাবিনেট ও রাজ্যপালের চূড়ান্ত অনুমোদনের পর স্কুল শিক্ষা দপ্তরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ১ অক্টোবর থেকেই কার্যকর হচ্ছে নতুন এই বেতন কাঠামো।
কার কত বেতন বাড়ল? একনজরে বিস্তারিত তালিকা:
- প্রাথমিকের প্যারা টিচার ও SSK সহায়ক: আগের বেতন ছিল ১১,৯৪১ টাকা। ৫,০০০ টাকা বেড়ে নতুন বেতন ১৬,৯৪১ টাকা।
- উচ্চ প্রাথমিকের প্যারা টিচার ও MSK শিক্ষক: আগের বেতন ছিল ১৫,৫২৩ টাকা। ৫,০০০ টাকা বেড়ে এখন পাবেন ২০,৫২৩ টাকা।
- শিক্ষাবন্ধু: নতুন নির্ধারিত বেতন ১৪,৯৫৪ টাকা।
- স্পেশাল এডুকেটর: বেতন বেড়ে হয়েছে ১৯,৯২৪ টাকা।
- পার্ট-টাইম উচ্চমাধ্যমিক শিক্ষক: ৫,০০০ টাকা বেড়ে নতুন বেতন ২০,২১৮ টাকা।
- অ্যাকাডেমিক সুপারভাইজার: ৫,০০০ টাকা বৃদ্ধির পর নতুন বেতন ১৮,৭৮১ টাকা।
- পিএ-কাম-ডিইও (PA-cum-DEO): ৫,০০০ টাকা বেড়ে এখন পাবেন ১৯,৭৭৪ টাকা।
- মুখ্য শিক্ষক: ৬,০০০ টাকা বৃদ্ধি পেয়ে নতুন বেতন ২২,১৭৮ টাকা।
- ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজার: ৬,০০০ টাকা বেড়ে নতুন বেতন ২৫,৬৯২ টাকা।
ম্যানেজমেন্ট স্টাফদের ক্ষেত্রে বর্তমান বেতনের ওপর ভিত্তি করে বৃদ্ধি:
- ২৫ হাজার টাকার কম বেতন হলে: বেতন বাড়বে ৫,০০০ টাকা।
- ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে বেতন হলে: বেতন বাড়বে ৭,০০০ টাকা।
- ৪০ হাজার থেকে ৫৫ হাজার টাকার মধ্যে বেতন হলে: বেতন বাড়বে ১০,০০০ টাকা।
স্কুল শিক্ষা দপ্তরের অতিরিক্ত সচিব ইশা মুখোপাধ্যায়ের স্বাক্ষরিত নির্দেশে জানানো হয়েছে, অক্টোবরের শুরু থেকেই এই বর্ধিত বেতনের সুবিধা পাবেন কর্মীরা।
খুশির মধ্যেও ক্ষোভের সুর শিক্ষক সংগঠনগুলির
বেতন বাড়লেও এই সিদ্ধান্ত নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না শিক্ষক সংগঠনগুলির একাংশ। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের বক্তব্য, বাজেটে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পার্শ্বশিক্ষক সহ SSK, MSK শিক্ষকদের বেতন ১ আগস্ট থেকে বাড়বে। অথচ বাস্তবে তা দেওয়া হচ্ছে অক্টোবর মাস থেকে। সরকারের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে আগামী বাজেটে আরও সম্মানজনক বেতন কাঠামোর দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীও পার্শ্বশিক্ষকদের নির্দিষ্ট ও সম্মানজনক ন্যূনতম বেতন কাঠামোর আওতায় আনার দাবি তুলেছেন।