অক্টোবরে ১২ দিন মিলবে না রেশন! মহা সপ্তমীর আগেই কোটা তোলার জরুরি বার্তা

অক্টোবর মাস পড়তেই উৎসবের আবহে বড় খবর রেশন গ্রাহকদের জন্য। চলতি মাসে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, জাতীয় ছুটি এবং সাপ্তাহিক বন্ধ মিলিয়ে মোট ১২ দিন বন্ধ থাকবে রাজ্যের রেশন দোকানগুলি। তাই পুজোর মধ্যে খাদ্যশস্যের টানাটানি ও শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে মহা সপ্তমীর আগেই মাসিক বরাদ্দের রেশন তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
কবে থেকে শুরু রেশন বণ্টন?
অনলাইন রেশন পরিচালনা ব্যবস্থা সচল রাখার জন্য প্রতি মাসের প্রথম ও শেষ দিন গ্রাহকদের রেশন দেওয়ার কাজ বন্ধ থাকে। এছাড়া ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর জাতীয় ছুটি থাকায় চলতি মাসে আগামী ৩ অক্টোবর থেকে গ্রাহকেরা রেশন সংগ্রহ করতে পারবেন।
কেন টানা ১২ দিন বন্ধ পরিষেবা?
মহালয়া, দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (NI) অ্যাক্ট অনুযায়ী সরকারি ছুটির দিনগুলিতে রেশনের দোকান বন্ধ থাকবে। এর পাশাপাশি সোমবারের নিয়মিত সাপ্তাহিক বন্ধ এবং মাসের শুরু ও শেষের প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের দিন মিলিয়ে মোট ১২ দিন বন্ধ থাকবে রেশন পরিষেবা। প্রযুক্তিগত কিছু ত্রুটির কারণে অনেক সময়ই রেশন পেতে সমস্যা হয়, তাই আগেভাগে রেশন তোলা আরও জরুরি।
কবে রেশন তোলা সবচেয়ে নিরাপদ?
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, “১৮ অক্টোবর মহা সপ্তমীর আগেই যদি গ্রাহকেরা তাঁদের পুরো মাসের বরাদ্দের খাদ্য সংগ্রহ করে নেন, তবে সবচেয়ে ভালো হয়।”
উল্লেখ্য, রাজ্য সরকারি অফিসে আগামী ১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি থাকবে। ফলে উৎসবের মরশুমে দোকানে অতিরিক্ত ভিড় ও সার্ভারের সমস্যা এড়াতে শুরুতেই রেশন তুলে রাখা বুদ্ধিমানের কাজ হবে।