বিপদের চরম সীমায় পৃথিবী! ৯টি ‘রেড লাইন’-এর ৭টিই পার, নামছে প্রলয়ঙ্করী বিপর্যয়

ভারত, নেপাল কিংবা সুদূর আমেরিকা—বিশ্বের নানা প্রান্তে এখন প্রলয়ঙ্করী বন্যা, পাহাড় ধস আর অতিদাহ যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বর্ষা এলে স্বস্তির বদলে ভিড় করছে অজানা আতঙ্ক। একের পর এক এই প্রাকৃতিক দুর্যোগ কি শুধুই কাকতালীয়? নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে বড় কোনো বিপদ? সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞানীদের প্রকাশিত একটি চাঞ্চল্যকর গবেষণা রিপোর্টে উঠে এসেছে এই প্রশ্নের আসল ও শিউরে ওঠার মতো উত্তর।
বিজ্ঞানীদের স্পষ্ট বার্তা—মানুষের লাগামহীন লোভ, পরিবেশ বিনাশ এবং প্রকৃতির ওপর যথেচ্ছ অত্যাচারের চরম মাশুল গুনতে শুরু করেছে গোটা পৃথিবী।
পৃথিবীর ৯টির মধ্যে ৭টি সীমানাই পার!
বিজ্ঞানীদের মতে, পৃথিবী নামক এই গ্রহটিকে সচল ও নিরাপদ রাখার জন্য ৯টি নির্দিষ্ট পরিবেশগত সীমা বা ‘প্ল্যানেটারি বাউন্ডারি’ রয়েছে। কিন্তু বেপরোয়া নগরায়ণ, অনিয়ন্ত্রিত প্রযুক্তি ও দূষণের কারণে পৃথিবী তার স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ফেলছে।
সদ্য প্রকাশিত ‘প্ল্যানেটারি হেলথ চেক ২০২৬’ রিপোর্ট অনুযায়ী, পৃথিবী তার নির্ধারিত ৯টি বিপজ্জনক সীমার মধ্যে ইতিমধ্যেই ৭টি সীমা অতিক্রম করে ফেলেছে। অর্থাৎ, মানবসমাজ এখন ইতিহাসের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।
ঠিক কোন ৭টি বিপদসীমা ভাঙল পৃথিবী?
বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণায় যে ৭টি মারাত্মক সীমা লঙ্ঘনের কথা বলা হয়েছে, সেগুলি হলো:
- জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন: বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি ও আবহাওয়া চক্রের বিশৃঙ্খলা।
- ভূমিরূপের পরিবর্তন: জঙ্গল সাফ করে ভূমির মূল চরিত্র ধ্বংস করা।
- মিষ্টি জলের চরম সংকট: পানীয় জল ও ভূগর্ভস্থ জলস্তরের মারাত্মক অবক্ষয়।
- সমুদ্রের জলস্তর বৃদ্ধি ও অম্লীকরণ: মহাসাগরে ক্ষতিকারক রাসায়নিক ও অ্যাসিডের মাত্রা বৃদ্ধি।
- জীবমণ্ডলের ক্ষতি: বিলুপ্তির পথে হাজার হাজার প্রজাতির উদ্ভিদ ও প্রাণী।
- বায়োজিওকেমিক্যাল পরিবর্তন: মাটিতে নাইট্রোজেন ও ফসফরাসের অতিরিক্ত ব্যবহারের ফলে ভারসাম্যহানি।
- পরিবেশে বিষাক্ত পদার্থের উপস্থিতি: প্লাস্টিক, রাসায়নিক ও কৃত্রিম দূষণের মাত্রাতিরিক্ত আধিক্য।
কেন তৈরি হলো এই ভয়াবহ পরিস্থিতি?
কংক্রিটের শহরের লাগাতার বিস্তার, নদী ও জলাশয় বুজিয়ে ফেলা, নির্বিচারে জঙ্গল সাফ এবং পাহাড় কেটে রাস্তা তৈরির মতো মানবসৃষ্ট অপরাধই আজকের এই করুণ পরিণতির জন্য দায়ী। অ্যান্টার্কটিকা থেকে শুরু করে হিমালয়ের বরফ দ্রুত গলে যাওয়ার মূল কারণও এই সীমালঙ্ঘন।
সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ধ্বংসাত্মক বন্যা ও পাহাড় ধসে হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হওয়ার ঘটনা প্রকৃতির এই ক্ষোভেরই এক নির্মম দলিল। বিজ্ঞানীদের শেষ হুঁশিয়ারি—এখনই যদি পরিবেশ ধ্বংসের এই তাণ্ডব না থামানো যায়, তবে আগামী দিনে মানবসভ্যতার অস্তিত্ব টিকিয়ে রাখাই আসাম্ভব হয়ে পড়বে।