কলকাতায় অটিস্টিক সহপাঠীকে বারবার টার্গেট! স্কুলের ভেতরেই ছুরি দিয়ে নৃশংস হামলা চালালো নবম শ্রেণির ছাত্র

দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে অবস্থিত নামী সাউথ পয়েন্ট স্কুলের ভেতর নবম শ্রেণির এক অটিস্টিক ছাত্রের ওপর সহপাঠীর ছুরি নিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এটিই প্রথম নয়; এর আগেও অন্তত দুইবার—তিন মাস আগে ব্লেড জাতীয় বস্তু দিয়ে এবং মঙ্গলবার গলা টিপে ওই আহত সহপাঠীর ওপর হামলার চেষ্টা চালিয়েছিল অভিযুক্ত ছাত্রটি। বুধবার ডে সেকশনের প্রথম পিরিয়ডে ক্লাসরুমের ভেতরে শিক্ষিকার সামনেই ব্যাগ থেকে ছুরি বের করে সহপাঠীর ওপর আক্রমণ চালায় সে। বাধা দিতে গিয়ে আক্রান্তের আঙুল ও গলার একাংশ কেটে যায়। আক্রান্ত ছাত্রটি একা থাকতে পছন্দ করায় এবং অন্য বন্ধুদের সঙ্গে মেশা নিয়ে রাগ থেকেই এই হামলা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার তদন্তে নেমে গড়িয়াহাট থানা স্কুল কর্তৃপক্ষকে সিসিটিভি ফুটেজ ও হামলার কাজে ব্যবহৃত ছুরিটি পুলিশে জমা দিতে নোটিস পাঠিয়েছে। মারাত্মক অস্ত্র নিয়ে ছাত্র কীভাবে শ্রেণীকক্ষে প্রবেশ করল এবং ঘটনাটির চার ঘণ্টা পর কেন পুলিশকে জানানো হলো, তা নিয়েও তদন্ত চলছে। অভিযুক্ত কিশোরকে জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলার প্রক্রিয়া শুরু করা হয়েছে। পুলিশের কাছে এর আগেই তিন মাস আগের ব্লেড হামলা ও বই ছেঁড়াকে কেন্দ্র করে মঙ্গলবারের বচসার কথা এসেছে। সবদিক বিবেচনা করে জেজেবি-র নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।