‘পুজোর মতোই প্রতি বছর হবে টেট!’ প্রাথমিকে নিয়োগ নিয়ে বিকাশ ভবনে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

‘পুজোর মতোই প্রতি বছর হবে টেট!’ প্রাথমিকে নিয়োগ নিয়ে বিকাশ ভবনে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘ অপেক্ষার মাঝে চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। বৃহস্পতিবার বিকাশ ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানান, ২০২৫ সালের স্থগিত থাকা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করেই পরবর্তী নিয়োগের পথে হাঁটবে রাজ্য। একই সঙ্গে নিয়ম করে প্রতি বছর টেট পরীক্ষা আয়োজনের প্রতিশ্রুতিও দেন তিনি।

বছরে বছরে হবে টেট পরীক্ষা শিক্ষামন্ত্রী বলেন, “প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়াটি বর্তমানে আসাম্পূর্ণ রয়েছে, তা দ্রুত শেষ করা আমাদের প্রথম লক্ষ্য। এই নিয়োগ সম্পন্ন হলেই শূন্যপদের ভিত্তিতে আবার নতুন টেট হবে। ঠিক যেভাবে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো কিংবা সরস্বতী পুজো প্রতি বছর হয়, তেমনই নিয়ম মেনে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে।”

কেন থমকে ছিল নিয়োগ প্রক্রিয়া? ২০২২ ও ২০২৩ সালের টেট পাশ প্রার্থীদের জন্য ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল পূর্ববর্তী সরকার। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় ৫টি দফায় ইন্টারভিউ প্রক্রিয়াও সম্পন্ন হয়। কিন্তু ষষ্ঠ পর্যায়ে পুরুলিয়া-সহ বাকি ১৫টি জেলায় ইন্টারভিউ শুরুর আগেই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ায় গত ১ এপ্রিল থেকে গোটা প্রক্রিয়াটি স্থগিত হয়ে যায়। মে মাসে নতুন সরকার শপথ নেওয়ার পর এবার সেই ঝুলে থাকা প্রক্রিয়াই দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

চাকরিপ্রার্থীদের কড়া প্রতিক্রিয়া তবে মন্ত্রীর এই আশ্বাসেও সংশয় কাটছে না দীর্ঘ দিন ধরে অপেক্ষায় থাকা প্রার্থীদের। ২০২২ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ পার্থজিৎ বনিকের কথায়, “শিক্ষামন্ত্রী এর আগেও দ্রুত নিয়োগের কথা বলেছিলেন, আজও বলছেন। আমরা শুধু পুজো পার্বণের মতো টেটের প্রতিশ্রুতি নয়, নির্দিষ্ট দিনক্ষণ জানতে চাই। চার বছর ধরে অপেক্ষায় থেকে প্রার্থীদের অবস্থা এখন অসহনীয় হয়ে উঠেছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *