অন্নপূর্ণা থেকে আবাস যোজনা! আজ থেকেই শুরু ‘সেবা সেতু অভিযান’, কোথায় কীভাবে আবেদন?

আপনি কি এখনও রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত? তবে আপনার জন্য এসেছে বড় সুযোগ। আজ, শুক্রবার থেকে কলকাতা সহ সমগ্র রাজ্য জুড়ে শুরু হল তিন দিনব্যাপী বিশেষ জনকল্যাণমূলক শিবির ‘সেবা সেতু অভিযান’। এই শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ সরকারি সুবিধা ও ফর্ম জমার সুযোগ সরাসরি হাতের নাগালেই পেয়ে যাবেন।
কোন কোন প্রকল্পের মিলবে সুবিধা?
এই তিন দিনের বিশেষ শিবিরে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের নতুন আবেদনপত্র জমা নেওয়া হবে:
- অন্নপূর্ণা যোজনা
- প্রধানমন্ত্রী আবাস যোজনা
- শিক্ষাশ্রী ও জয় জোহার
- পিএম কিষাণ নিধি ও কিষাণ ক্রেডিট কার্ড
যাঁরা আগে এই প্রকল্পগুলিতে নাম তুলতে পারেননি, তাঁদে জন্য এটি পুনরায় আবেদন জানানোর একটি সুবর্ণ সুযোগ।
সময়সীমা ও শিবিরের খুঁটিনাটি
- সময়: প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শিবির চালু থাকবে।
- কলকাতার প্রস্তুতি: কলকাতা পুরসভার ১৬টি বরো এলাকায় মোট ৫৩টি শিবির করা হয়েছে। গড়ে প্রতিটি বরোয় তিন থেকে পাঁচটি করে ক্যাম্প রাখা হয়েছে।
- অন-স্পট সার্ভিস: সাধারণ মানুষের সহায়তায় শিবিরে উপস্থিত থাকবেন সরকারি আধিকারিকরা। পাশাপশি বিভিন্ন ব্যাঙ্কের কাউন্টারও বসানো হয়েছে।
উপভোক্তাদের জন্য বিশেষ পরিষেবা
প্রতিটি শিবিরে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু নতুন পরিষেবা যুক্ত করা হয়েছে: ১. স্বাস্থ্য শিবির: জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। ২. তাত্ক্ষণিক e-KYC: নথিপত্র তৎক্ষণাৎ আপডেট করার জন্য বিশেষ e-KYC কেন্দ্র থাকছে। ৩. অন্যান্য সুবিধা: মায়েদের জন্য ‘ব্রেস্ট ফিডিং সেন্টার’ এবং শিশুদের জন্য বিনোদন ও খেলাধুলোর বিশেষ জায়গা রাখা হয়েছে।
ভিড় সামলাতে কড়া নিরাপত্তা
সামনেই পুজো, আর তার পরেই কলকাতায় পুরভোটের সম্ভাবনা। তার আগেই এই জনকল্যাণমূলক উদ্যোগ মানুষের ভিড় বাড়াবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা নিয়ে উপভোক্তাদের বাড়তি উন্মাদনা থাকায় ভিড় নিয়ন্ত্রণের জন্য লালবাজারের কাছে অতিরিক্ত পুলিশি নিরাপত্তার আবেদন জানিয়েছে কলকাতা পুরসভা। সাধারণ মানুষকে এই শিবিরের বিষয়ে জানাতে স্থানীয় বিধায়কদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।