বর্ষার বিদায় ঘনিয়ে আসতেই আবহাওয়ায় বড় ইউ-টার্ন! এল নিনোর চোখ রাঙানিতে কতটা বাড়ল চিন্তা?
দেশের বিভিন্ন প্রান্ত থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বিদায়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ১৫ অক্টোবরের মধ্যে সারা দেশেই সম্পূর্ণ হবে বলে জানিয়েছে মৌসম ভবন। তবে বর্ষা বিদায়ের রেশ কাটতে না কাটতেই আবহাওয়ায় বড় ধরনের ইউ-টার্ন নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে দেশের একাধিক রাজ্যে অপ্রত্যাশিত আবহাওয়া, বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গ তথা গাঙ্গেয় বাংলায় আগামী ৭ অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুজোর আগেই রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়ে আবহাওয়া শুষ্ক হতে পারে।
অন্য দিকে, ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা এল নিনো পরিস্থিতি নিয়ে বাড়তি উদ্বেগ প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। এর জেরে অক্টোবর মাসে দেশের বেশিরভাগ অংশে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি থাকতে পারে, যা নভেম্বর মাসে আরও তীব্র রূপ ধারণ করে আগামী বছরের মার্চ পর্যন্ত বজায় থাকতে পারে। তবে স্বস্তির বিষয় হলো, ভারত মহাসাগরের ডাইপোল পরিস্থিতি পজিটিভ থাকায় এল নিনোর নেতিবাচক প্রভাব কিছুটা হলেও প্রশমিত হতে পারে বলে আশা করা হচ্ছে।