ফর্ম-৬ নিয়ে কমিশন আনল বিশাল পরিবর্তন, বাদ যাচ্ছে এই জরুরি নথি!

ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে বড় পরিবর্তনের ঘোষণা করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। এসআইআর হয়ে যাওয়া রাজ্যগুলিতে ফর্ম-৬-এর ক্ষেত্রে আগের নিয়মই ফিরিয়ে আনা হয়েছে। ফলে এখন থেকে প্রথম বার নাম নথিভুক্ত করার সময়ে অ্যানেক্সার-৪-এ উল্লিখিত অতিরিক্ত ঘোষণাপত্র বা ‘ডিক্লারেশন ফর্ম’ আর জমা দিতে হবে না। ১৯৬০ সালের ‘রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস’ অনুযায়ী পুরনো পদ্ধতি মেনেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং নির্বাচন কমিশনের পোর্টালেও ফের সেই পুরনো ফর্ম চালু করা হয়েছে।
যাঁদের নাম এখনও তালিকায় ওঠেনি, তাঁদের দ্রুত অন্তর্ভুক্ত করতে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন সিইও। জেলা নির্বাচন আধিকারিক (ডিইও) এবং ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা (ইআরও) এই পুরো প্রক্রিয়ার তদারকি করবেন। প্রতিটি যোগ্য নাগরিক যাতে সহজে আবেদন করতে পারেন, সেই জন্য ডিইও ও ইআরও অফিসে বিশেষ ‘হেল্প ডেস্ক’ খোলার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের এই পদক্ষেপে নতুন ভোটারদের আবেদন প্রক্রিয়া আগের চেয়ে অনেকটাই সহজ ও ঝমেলামুক্ত হবে।