রেলযাত্রীদের জন্য কড়া নির্দেশ! টিকিট থাকলেও সঙ্গে রাখতেই হবে এই আসল কাগজ

উৎসবের মরশুমের মুখেই ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা জারি করল ভারতীয় রেল। দেশজুড়ে বিনা টিকিটে যাত্রা এবং অনিয়ম রুখতে টিটিই-দের (TTE) বিশেষ নজরদারি ও চেকিং অভিযান শুরু হয়েছে। আর এই আবহে ভ্রমণের নিয়মে আনা হয়েছে বড়সড় কড়াকড়ি। এখন থেকে ট্রেনে ওঠার পর পকেটে শুধুই ‘কনফার্ম টিকিট’ থাকলে ছাড় পাওয়া যাবে না, সঙ্গে রাখতে হবে নির্দিষ্ট মূল নথি।
কাদের ক্ষেত্রে কড়া নজরদারি?
রেল সূত্রে জানানো হয়েছে, টিকিট চেকিংয়ের ক্ষেত্রে বিশেষ কিছু ক্যাটাগরির যাত্রীদের ওপর বাড়তি নজর দেওয়া হচ্ছে:
বিশেষ ছাড়: যাঁরা ছাড় বা কনসেসনে টিকিট কেটেছেন।
সংরক্ষিত কোটা: প্রবীণ নাগরিক বা অন্যান্য বিশেষ কোটায় টিকিট বুকিং করা যাত্রী।
রেল পাস ও পিটিও: রেলের পাস বা PTO ব্যবহারকারী।
গ্রুপ বুকিং: একসাথে একাধিক টিকিটে সফররত যাত্রী।
মোবাইলের স্ক্রিনশট বা জেরক্স দেখালে মিলবে না ছাড়
অনেকেই মূল নথির বদলে মোবাইলে ছবি, স্ক্রিনশট কিংবা জেরক্স দেখিয়ে পার পাওয়ার চেষ্টা করেন। কিন্তু রেলের স্পষ্ট নির্দেশ—অন ডিউটি টিটিই-কে আসল পরিচয়পত্র (Original ID Proof) এবং যোগ্যতার আসল প্রমাণপত্র দেখাতে হবে। আসল নথি না দেখাতে পারলে আপনার টিকিটটি সঙ্গে সঙ্গেই বেআইনি বা অবৈধ বলে গণ্য করা হতে পারে।
গুনতে হতে পারে মোটা অঙ্কের ফাইন
অসদুপায় অবলম্বন রুখতে রেলের ন্যূনতম জরিমানের পরিমাণও বাড়ানো হয়েছে। সঠিক প্রমাণ দেখাতে ব্যর্থ হলে যাত্রীকে বিনা টিকিটের যাত্রী হিসেবে গণ্য করে কড়া জরিমানা করা হবে।
তাই ঝামেলা এড়িয়ে নিশ্চিন্তে সফর করতে টিকিট কাটুন এবং ভ্রমণের সময় নিজের আসল আইডি প্রুফ সঙ্গে রাখুন।