‘ফুটবল নয়, ভারতে ক্রিকেটই বেশি জনপ্রিয়!’ ভারত ম্যাচের আগে অকপট ব্রাজিল কোচ
কলকাতার পাড়ায় পাড়ায় ফুটবল উন্মাদনা, ইস্টবেঙ্গল-মোহনবাগান আবেগ কিংবা কেরালা-গোয়ার ফুটবল প্রেমের কথা কারও অজানা নয়। তবে ভারতের সামগ্রিক ক্রীড়া সংস্কৃতিতে এখনও ক্রিকেটেরই একাধিপত্য— এমনটাই মনে করেন ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আন্সেলোত্তি। শনিবার কলকাতার যুবভারতীতে ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। তার ঠিক আগের দিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় ফুটবল নিয়ে অকপট মতামত জানালেন তিনি।
এর আগে ভারতে আসার আগেই তিনি মন্তব্য করেছিলেন যে, এ দেশে এখনও সেই অর্থে ফুটবল সংস্কৃতি তৈরি হয়নি। শুক্রবার এই নিয়ে প্রশ্ন করা হলে ব্রাজিল কোচ নিজের বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি বলেন, “ভারতে এসে দেখেছি এখানে প্রচুর ফুটবলপ্রেমী মানুষ রয়েছেন। ব্রাজিলের মতো দল আসায় তাঁরা কতটা উচ্ছ্বসিত, সেটাও বুঝতে পারছি। কিন্তু ভারতের সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা এখনও ফুটবল নয়। ক্রিকেটের সঙ্গে এখানকার মানুষ অনেক বেশি পরিচিত এবং সেটাই তাঁদের কাছে বেশি জনপ্রিয়।”
তবে ভারতীয় ফুটবল ভক্তদের আবেগকে মোটেও আসাম্মান করেননি আন্সেলোত্তি। ভিনিসিয়াস জুনিয়রদের নিয়ে গড়া দল যে কলকাতার দর্শকদের একটি স্মরণীয় ম্যাচ উপহার দিতে চায়, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। তাঁর কথায়, “আমরা এখানে এসে দারুণ খুশি। যাঁরা মাঠে বা টিভিতে খেলা দেখবেন, তাঁদের সামনে আমরা আমাদের সেরা খেলাটা তুলে ধরতে চাই। আশা করি, সবার জন্য এটা একটা দুর্দান্ত সন্ধ্যা হতে চলেছে।”
বিশ্বের অন্যতম সেরা দল ব্রাজিলের এই সফর কি ভারতের ফুটবল সংস্কৃতিতে বড় কোনও পরিবর্তন আনবে? আন্সেলোত্তির মতে, এই প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন। কারণ সংস্কৃতির পরিবর্তন রাতারাতি হয় না। তবে ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও ভারতের এগিয়ে যাওয়ার নিরলস প্রচেষ্টাকে সম্মান জানিয়ে শুভকামনা জানিয়েছেন ব্রাজিলীয় কোচ। শনিবাসরীয় সন্ধ্যায় যুবভারতীর গ্যালারি যে ভারতের বুকে এক অভূতপূর্ব ফুটবল আবেগের সাক্ষী হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।