জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ’ বিক্ষোভে নাসিরুদ্দিন! দীপকের প্রশ্নে চাঞ্চল্য – এক ঝলক

একঝলক ডেস্ক:
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে চলা উত্তেজনার মধ্যেই মুম্বইয়ের শিবাজি পার্কে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। নিষেধাজ্ঞা অমান্য করে ‘ককরোচ জনতা পার্টি’-র ডাকা বিক্ষোভে আচমকাই হাজির হন বর্ষীয়ান বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। গত বৃহস্পতিবার গান্ধী জয়ন্তীর আবহে বাণিজ্যনগরীর শিবাজি পার্কে পুলিশের অনুমতি ছাড়াই এই জমায়েত অনুষ্ঠিত হয়। বিক্ষোভস্থলে পৌঁছে দলের প্রধান অভিজিৎ দীপকের সঙ্গে দেখা করেন এবং তাঁকে আলিঙ্গন করে এই আন্দোলনের প্রতি নিজের স্পষ্ট সমর্থন জানান প্রবীণ অভিনেতা।
বাণিজ্যনগরীতে এই বিক্ষোভের জেরে পুলিশ ধরপাকড় চালালেও নাসিরুদ্দিনের উপস্থিতি আন্দোলনকারীদের মনোবল এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এই অপ্রত্যাশিত সমর্থনে আপ্লুত ‘ককরোচ’ প্রধান অভিজিৎ দীপক সোশ্যাল মিডিয়ায় নিজের বিস্ময় প্রকাশ করে লেখেন, তিনি স্বপ্ন দেখছেন নাকি সত্যিই এমনটা ঘটল। প্রসঙ্গত, ভারতীয় নাগরিক সংহিতার ১৬৩ ধারা জারি থাকা সত্ত্বেও মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে আয়োজিত এই জমায়েত এবং তাতে বলিউড তারকার যোগদান রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।