বায়রন বিশ্বাসের বাড়িতে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক!

বায়রন বিশ্বাসের বাড়িতে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক!

মুর্শিদাবাদ: আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়াল সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে। শনিবার দুপুরে সামশেরগঞ্জের ডাকবাংলায় তাঁর নিজ বাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ ও দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সূত্রের খবর, এই অগ্নিকাণ্ডের সময় বাড়িতেই উপস্থিত ছিলেন বায়রন বিশ্বাস। আগুন লাগার পর পরিবারের লোকজনই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত ও স্থিতিশীল রয়েছেন। আঘাত খুব গুরুতর না হলেও চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

তবে ঠিক কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বিধায়কের বাড়িতে আগুন লাগার খবর চাউর হতেই সাগরদিঘি এবং ধুলিয়ান এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ও চাঞ্চল্য ছড়ায়। বিধায়কের বাড়ির সামনে ভিড় জমান বহু অনুরাগী ও স্থানীয় বাসিন্দা।

উল্লেখ্য, ২০২৩ সালের সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে বিধায়ক হন বায়রন বিশ্বাস। পরে তিনি তৃণমূলে যোগ দেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও তাঁকে প্রার্থী করেছে শাসকদল। ভোটের প্রাক্কালে বিধায়কের বাড়িতে ঘটা এই আকস্মিক দুর্ঘটনা রাজনৈতিক মহলেও শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *