পাঞ্জাব সীমান্তে বড়সড় অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল বিএসএফ, গুলিতে নিহত ২ পাকিস্তানি নাগরিক!

আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় বিএসএফের (BSF) গুলিতে দুই পাকিস্তানি নাগরিকের মৃত্যুর ঘটনায় ফের চরমে পৌঁছেছে ভারত-পাকিস্তান কূটনৈতিক উত্তেজনা। এই প্রাণঘাতী ঘটনার পর পরই ভারতের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক।
কী ঘটেছিল সীমান্তে? সূত্রের খবর, পাঞ্জাব সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত দিয়ে দুই পাকিস্তানি নাগরিক সন্দেহজনকভাবে ভারতীয় ভূখণ্ডে অনধিকার প্রবেশের চেষ্টা করছিল। জওয়ানরা তাদের বারবার সতর্ক করলেও তারা তা উপেক্ষা করে এগিয়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়েই গুলি চালান বিএসএফ জওয়ানরা, যার জেরে ঘটনাস্থলেই ওই দুই পাকিস্তানি যুবকের মৃত্যু হয়।
এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়ে ইসলামাবাদ। কড়া কূটনৈতিক বার্তা দিয়ে পুরো ঘটনার ব্যাখা তলব করেছে পাকিস্তান। অন্যদিকে, দেশের সীমান্ত রক্ষা ও নিরাপত্তার প্রশ্নে জওয়ানদের এই পদক্ষেপে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে ভারত। এই নতুন উত্তেজনার জেরে গোটা পাঞ্জাব সীমান্তজুড়ে বাড়তি সতর্কতা ও নজরদারি জারি করা হয়েছে।