‘স্ক্যামে পরিণত হয়েছিল কলকাতার রিয়েল এস্টেট!’ বিস্ফোরক দাবি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

কলকাতার রিয়েল এস্টেট (Kolkata Real Estate) ব্যবসা নিয়ে একেবারে বোমা ফাটালেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাঁর সরাসরি অভিযোগ, একটা সময় রাজনৈতিক যোগসূত্র থাকা কিছু প্রভাবশালী ব্যক্তির সিন্ডিকেটের হাতে বন্দি হয়ে পড়েছিল এই আবাসন বাজার। সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাঁরা দেদার টাকা লুটেছেন। তবে এই দুর্দিন কাটাতে এবার বড় এবং সুসংগঠিত রিয়েল এস্টেট সংস্থাগুলিকে ময়দানে নামার আহ্বান জানিয়েছে রাজ্য।
ঠিক কী বলেছেন অর্থমন্ত্রী? শুক্রবার কলকাতায় রিয়েলটরদের হেভিওয়েট সংগঠন ‘ক্রেডাই’ (CREDAI)-এর একটি কনভেনশনে যোগ দিয়ে বিস্ফোরক মন্তব্য করেন স্বপন দাশগুপ্ত। অকপটে স্বীকার করে নেন, অতীতের রিয়েল এস্টেট বাজার একপ্রকার ‘স্ক্যামে’ রূপ নিয়েছিল। তাঁর কথায়, রাজনৈতিক ক্ষমতার ছত্রছায়ায় থাকা কিছু ‘হাঙর’ এই ব্যবসার একচ্ছত্র নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছিল। সাধারণ ক্রেতাদের ঠকিয়ে ফুলেফেঁপে উঠেছিল তাদের পকেট।
বড় ডেভেলপারদের ডাক ও স্বচ্ছতা আনার তাগিদ এই কালো মেঘ সরিয়ে কলকাতার আবাসন বাজারে সুদিন ফেরাতে চান অর্থমন্ত্রী। তাঁর বার্তা, রিয়েলটররা এককভাবে কাজ করা কোনো ‘হাঙর’ নন, তাঁরা একটি সুসংগঠিত শক্তির প্রতিনিধি। বাজারে বড় এবং কর্পোরেট ধাঁচের সংগঠিত সংস্থাগুলির প্রবেশ ঘটলে একদিকে যেমন ব্যবসার নিয়মশৃঙ্খলা কড়াকড়ি হবে, তেমনই ক্রেতাদের আস্থাও ফিরবে। রাজ্যে ‘RERA’ (রিয়েরা)-এর কড়া প্রয়োগের প্রয়োজনীয়তার কথাও জোরালোভাবে তুলে ধরেন তিনি।
সরকার ভবিষ্যতে যে সমস্ত মেগা প্রজেক্টের পরিকল্পনা করছে, তাতে বড় বড় রিয়েল এস্টেট সংস্থাকে বাংলায় বিনিয়োগ করার আমন্ত্রণ জানিয়েছেন অর্থমন্ত্রী।
সরাসরি নিশানা বিগত সরকারগুলিকে এদিনের মঞ্চ থেকে কলকাতার গৌরবময় অতীত এবং বর্তমানের ধোঁয়াশার তুলনা টানেন স্বপন দাশগুপ্ত। তাঁর মতে, কলকাতা তার অতীতের সমৃদ্ধ ইতিহাস নিয়ে বড়াই করলেও বিগত কয়েক দশকের রিয়েল এস্টেট ও শিল্পক্ষেত্রের সামগ্রিক পরিস্থিতি চূড়ান্ত হতাশাজনক। দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী ধরে দেশের শিল্প মানচিত্রে বাংলা পিছিয়ে রয়েছে বলেই মনে করেন তিনি। তবে হতাশা ঝেড়ে ফেলে এখন ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ রয়েছে রাজ্যের সামনে, আর সেই পরিবর্তনের যাত্রায় রিয়েল এস্টেট সেক্টরকে মূল চালিকাশক্তি হতে হবে।