স্ত্রীকে ফেরাতে সরাসরি ৮০ ফুট উঁচুতে! টাওয়ারে চড়ে যুবকের কাণ্ড দেখে থ নেটিজেনরা

স্ত্রীকে ফেরাতে সরাসরি ৮০ ফুট উঁচুতে! টাওয়ারে চড়ে যুবকের কাণ্ড দেখে থ নেটিজেনরা

রাগ করে স্ত্রী চলে গিয়েছেন বাপের বাড়ি। আর সেই অভিমানে একেবারে ৮০ ফুট উঁচু মোবাইল টাওয়ারের মাথায় চড়ে বসলেন এক যুবক! স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনার দাবিতে তাঁর এই হাই-ভোল্টেজ ড্রামায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। উত্তরপ্রদেশের হাপুড়ের এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে সব মহলে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে হাপুড়ের লোধিপুর গ্রামে। ওই যুবকের নাম ফৈজ। তিনি মূলত মেরঠ জেলার শাহজাহানপুর গ্রামের বাসিন্দা। সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তীব্র অশান্তি হয়। এর পরেই রাগ করে নিজের বাপের বাড়ি (আমরোহা) চলে যান ফৈজ-এর স্ত্রী।

প্রিয়তমা স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন ফৈজ। আর তাতেই চরম এক পথ বেছে নেন তিনি। লোধিপুর গ্রামের একটি জিও সংস্থার প্রায় ৮০ ফুট উঁচু টাওয়ারে চড়ে বসেন। টাওয়ারের একেবারে চূড়ায় গিয়ে দাঁড়িয়ে তিনি চিৎকার করে দাবি জানাতে থাকেন, যেকোনো মূল্যে তাঁর স্ত্রীকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনতে হবে।

এদিকে ৮০ ফুট উঁচুতে এক যুবককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মুহূর্তের মধ্যে টাওয়ারের নিচে হাজারো মানুষের ভিড় জমে যায়। নিচ থেকে সকলে মিলে তাঁকে বারবার নিচে নেমে আসার অনুরোধ করতে থাকেন। কিন্তু নাছোড়বান্দা যুবক নিজের জিদেই অনড় ছিলেন।

এই ঘটনার মাঝেই কেউ কেউ টাওয়ারের ওপরের সেই দৃশ্য মোবাইলবন্দি করেন। মুহূর্তের মধ্যে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিয়োটি দেখার পরেই নড়েচড়ে বসে পুলিশ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গড় কোতওয়ালি থানার পুলিশ। পরিস্থিতির গুরুত্ব বুঝে খবর দেওয়া হয় দমকলকেও। এরপর পুলিশ ও দমকলকর্মীরা যৌথভাবে ফৈজকে নামানোর উদ্ধারকাজ শুরু করেন। তাঁকে দীর্ঘক্ষণ বুঝিয়ে বলা হয় যে, এত উঁচুতে দাঁড়িয়ে থাকা কতটা বিপজ্জনক। অবশেষে পুলিশ ও দমকলের দীর্ঘ চেষ্টার পর মন গল, এবং ফৈজ নিরাপদে নিচে নেমে আসেন। বড়সড় এক বিপদের হাত থেকে রক্ষা পান ওই যুবক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *