‘গণতন্ত্র রক্ষার ভণ্ডামি বন্ধ করুন!’ কংগ্রেসকে তুলোধনা করে বিস্ফোরক সিজেপি নেতৃত্ব

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কে বিরাট প্রতিবাদের রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ্য রাজনৈতিক সংঘাতে জড়িয়ে পড়ল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) এবং কংগ্রেস। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং এই নতুন গণআন্দোলনকে কোণঠাসা করতে বিরোধীদের একাংশ গভীর চক্রান্ত করছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছে সিজেপি নেতৃত্ব।
গত শনিবার সিজেপি-র শীর্ষ দুই নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা এক যৌথ বিবৃতিতে দাবি করেন যে, দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও এই আন্দোলনকে হেয় করতে বিজেপির বাইরেও আরও একটি রাজনৈতিক দল সক্রিয়ভাবে মাঠে নেমেছে। এই মন্তব্যের পরই আসরে নামে আসাম কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র রীতম সিং পাল্টা আক্রমণ শানিয়ে দাবি করেন, সিজেপি আসলে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (AAP) স্ক্রিপ্ট মেনেই পরিচালিত হচ্ছে।
মুম্বইয়ের শিবাজি পার্কে বিশাল বিক্ষোভের ঠিক পরেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ (X) সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা লেখেন, দীর্ঘ সময় পর অভিজিৎ দিপকে যখন দেশের কোটি কোটি তরুণের মনে আশার আলো জ্বালিয়েছেন, তখন কিছু তথাকথিত লিবারেল গোষ্ঠী ঘরে বসে কেবল ‘গণতন্ত্র রক্ষার ভণ্ডামি’ করে চলেছে। তাদের মূল উদ্দেশ্যই হলো সিজেপি-র এই উত্থানকে ধূলিসাৎ করা।
পরিস্থিতি আরও জটিল করে তুলে সিজেপি নেতা সৌরভ দাস এই পুরো ঘটনাকে অত্যন্ত আশঙ্কাজনক আখ্যা দেন। তাঁর সাফ কথা, বিজেপির বাইরেও কিছু লোক নিজেদের দেশ ও সংবিধান রক্ষার একছত্র ঠিকাদার মনে করেন। যখন দেশের তরুণ প্রজন্ম রাজপথে নেমে বড় লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে, তখন এই দলগুলি নিজেদের স্বার্থে বিভাজন তৈরির নোংরা খেলায় মেতে উঠেছে। দিন দিন এই রাজনৈতিক জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার!