৪৪ বছরের খরা কাটল! চিনকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জয় ভারতীয় মহিলা হকি দলের, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৪৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান! এশিয়ান গেমসের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন তথা অলিম্পিক রৌপ্যপদকজয়ী চিনকে ১-০ গোলে হারিয়ে সোনা জয় করল ভারতের মহিলা হকি দল। এই ঐতিহাসিক জয়ের সুবাদে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটও সরাসরি পাকা করে ফেলল ভারত।
ভারতের এই সোনালী সাফল্যের পরই বিজয়ীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা করল ওড়িশা সরকার। শনিবার ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ঘোষণা করেছেন, ভারতীয় মহিলা হকি দলের প্রতিটি খেলোয়াড়কে ১১ লাখ টাকা এবং দলের সাপোর্ট স্টাফদের প্রত্যেককে সাড়ে পাঁচ লাখ টাকা করে নগদ পুরস্কার দেওয়া হবে।
দলের অসামান্য নৈপুণ্য, লড়াকু মানসিকতা ও একাগ্রতার উচ্চ প্রশংসা করে মুখ্যমন্ত্রী পুরো টিমকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, হকি কন্যাদের এই ঐতিহাসিক সাফল্য সমগ্র দেশের জন্য এক চরম গৌরবের মুহূর্ত। একইসঙ্গে ওড়িশা সরকার ভবিষ্যতেও ভারতীয় হকির পাশে শক্ত ভিত্তির মতো দাঁড়িয়ে থাকবে এবং ক্রীড়াক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী।