মহালয়ায় ইডেনের মহাউৎসবে বড় পরিবর্তন! মোদীর পরিবর্তে কি আসছেন অমিত শাহ? – এক ঝলক

একঝলক ডেস্ক:
দেবীপক্ষের সূচনায় কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত মহাধামাকা অনুষ্ঠানে বড়সড় বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। মহালয়ার দিন ইডেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির কথা থাকলেও, শেষ পর্যন্ত তিনি নাও আসতে পারেন বলে প্রশাসনিক সূত্রে খবর। তাঁর পরিবর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রধানমন্ত্রীর হাত ধরে চক্ষুদানের মাধ্যমে দুর্গাপুজোর সূচনা এবং রেড রোডে রোড শো হওয়ার কথা ছিল। এছাড়া বিভিন্ন জেলার নৃত্যকলা প্রদর্শন ও দশ হাজার ঢাকের বাদ্যি দিয়ে বিশ্বরেকর্ড গড়ার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসূচিতে পরিবর্তন আসায় ইডেনের অনুষ্ঠানেও রদবদল হতে পারে। বর্তমানে নিরাপত্তার কারণে ইডেন গার্ডেন্স এসপিজির নিয়ন্ত্রণে রয়েছে। এর মাঝেই আগামী ১১ অক্টোবর থেকে বাংলার রঞ্জি ট্রফি শুরু হওয়ার কথা রয়েছে, যার প্রথম ম্যাচ দিল্লির বিরুদ্ধে। ইডেন এসপিজির অধীনে থাকায় ম্যাচ আয়োজন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, প্রয়োজনে রঞ্জি ম্যাচ ইডেনের বদলে কল্যাণীতে হতে পারে। এই বিষয়ে চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় সংশ্লিষ্ট মহল।