বালুরঘাটে বাস বনাম ম্যাজিক লড়াই চরমে! অনির্দিষ্টকালের জন্য বন্ধ একাধিক রুটের বাস

বালুরঘাট: চকভৃগু বাসস্ট্যান্ডে ১০ টাকা টোটো ভাড়া দিয়ে যাওয়ার ঝামেলা এড়াতে এখন বালুরঘাট থানা মোড় থেকেই তপন, ভিকাহার ও নালাগোলাগামী ‘টাটা ম্যাজিক’ ধরছেন যাত্রীরা। এর ফলে চকভৃগু বাসস্ট্যান্ডে যাত্রীর সংখ্যা তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে বাসস্ট্যান্ডের বাইরে থেকে অনিয়ন্ত্রিত গাড়ি চলাচল বন্ধ করা এবং চকভৃগু বাসস্ট্যান্ড থেকেই সমস্ত পরিষেবা চালুর দাবিতে তীব্র আন্দোলনে নেমেছেন বাস মালিক ও কর্মীরা।
শুক্রবার আংশিক বাস বন্ধ রাখার পর, শনিবার থেকে তপন, ভিকাহার ও নালাগোলা রুটের বাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। বাস মালিকদের হুঁশিয়ারি, যতক্ষণ না এই সমস্যার স্থায়ী সমাধান মিলছে, ততক্ষণ পরিষেবা বন্ধ থাকবে।
এ বিষয়ে বাস মালিক আশিস কর্মকার বলেন, প্রশাসনের নির্দেশ অনুযায়ী থানা মোড় থেকে ম্যাজিক বা কোনো যাত্রীবাহী গাড়ি চলার কথা নয়। কিন্তু নিয়ম কার্যকর না হওয়ায় আমাদের মারাত্মক ক্ষতি হচ্ছে। আমাদের এক দফা দাবি—বাস, ট্রেকার ও ম্যাজিক—সব গাড়িকেই নির্দিষ্ট চকভৃগু বাসস্ট্যান্ড থেকেই চালাতে হবে।
পাল্টা জবাবে থানা মোড় অটো ও ম্যাজিক অ্যাসোসিয়েশনের সম্পাদক নিতাই ঘোষ জানান, যে জায়গা থেকে তাঁদের রুট পারমিশন রয়েছে, তাঁরা নিয়ম মেনেই সেখান থেকে গাড়ি চালাচ্ছেন। পারমিশন না থাকলে তাঁরা লোন নিয়ে গাড়ি কিনতেন না বলে দাবি তাঁর। এই বাস ও ম্যাজিক মালিকদের দ্বন্দ্বে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।