শুটিং সেটে মর্মান্তিক অগ্নিকাণ্ড, চোখের পলকে অভিনেত্রীর পোশাকে আগুন! তারপর কী ঘটল? – এক ঝলক

একঝলক ডেস্ক:
উত্তরপ্রদেশের জৌনপুরের বদলাপুরে ভোজপুরী সিনেমা ‘ভূতনি কা বদলা’-র শুটিং চলাকালীন এক মারাত্মক অগ্নিদুর্ঘটনার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী সঞ্জনা পাণ্ডে। ছবির চিত্রনাট্য অনুযায়ী একটি দৃশ্যের শুটিংয়ের সময় তাঁকে আগুনের কাছাকাছি দাঁড়াতে হয়েছিল। কিন্তু সেই মুহূর্তে আচমকাই তীব্র হাওয়া বইতে শুরু করায় আগুনের শিখা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চোখের পলকে সেই লেলিহান শিখা অভিনেত্রীর পোশাকে ছড়িয়ে পড়ে, যা দেখে সেটে উপস্থিত প্রত্যেকের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে উপস্থিত কুশলীদের দ্রুত তৎপরতা ও সাহসিকতার কারণে বড় ধরনের প্রাণহানি বা আঘাত থেকে রক্ষা পেয়েছেন সঞ্জনা। ইউনিটের কর্মীরা সঙ্গে সঙ্গে এগিয়ে এসে জল ঢেলে আগুন নিভিয়ে ফেলেন এবং তাঁকে নিরাপদে সরিয়ে নেন। এই আকস্মিক দুর্ঘটনায় তিনি সম্পূর্ণ অক্ষত ও সুরক্ষিত রয়েছেন। ঘটনার পর স্বস্তি প্রকাশ করে সঞ্জনা জানান, চ্যালেঞ্জিং এই দৃশ্যটির শুটিংয়ের সময় সতর্কতা অবলম্বন করা হলেও অপ্রত্যাশিতভাবে এই দুর্ঘটনা ঘটে, তবে সবার সহযোগিতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।