৮০ লাখ টাকা ঋণের লোভে ৪০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, মধ্যমগ্রামের ভুয়ো কল সেন্টার কাণ্ডে গ্রেপ্তার ৪

৮০ লাখ টাকা ঋণের লোভে ৪০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, মধ্যমগ্রামের ভুয়ো কল সেন্টার কাণ্ডে গ্রেপ্তার ৪

কম সুদে বিপুল পরিমাণ ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শহর কলকাতার এক ব্যবসায়ীকে নিঃস্ব করল জালিয়াত চক্র। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোলতলায় পরিচালিত একটি বেআইনি কল সেন্টার থেকে পূর্ব কলকাতার বেলেঘাটার ওই সাইকেল ব্যবসায়ীকে ফোন করা হয়েছিল। প্রসেসিং ফি, বিভিন্ন কর ও আনুষঙ্গিক খরচের অজুহাতে এবং ভুয়ো অনলাইন নথি পাঠিয়ে প্রায় দুই মাস ধরে তাঁর কাছ থেকে ধাপে ধাপে মোট ৪০ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারকেরা। পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন করে ভুয়ো কল সেন্টারটি রাতারাতি বন্ধ করে দেওয়া হলে প্রতারিত ব্যবসায়ী বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের সূত্র ধরে প্রথমে উত্তর কাশীপুর ও মধ্যমগ্রাম থেকে অ্যাকাউন্ট ভাড়া দেওয়া দুই যুবককে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে অ্যাকাউন্ট সংগ্রহকারী মূল এজেন্ট এবং পরবর্তীতে আত্মগোপন করে থাকা ভুয়ো কল সেন্টারের মালিক ধ্রুবজ্যোতি করকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত চারজনকে হেফাজতে নিয়ে এই আন্তঃরাজ্য সাইবার জালিয়াতি চক্রের সাথে যুক্ত অন্যান্য সহযোগীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *