চিনের উত্থান আর আমেরিকার একাকীত্ব! বিশ্বরাজনীতি নিয়ে বড় বার্তা জয়শঙ্করের!

আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তনশীল প্রেক্ষাপট এবং নতুন মেরুকরণ নিয়ে ৬২তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ তুলে ধরলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর মতে, বর্তমান আন্তর্জাতিক বিশ্বব্যবস্থা মূলত দুটি প্রধান অনুঘটকের ওপর দাঁড়িয়ে রয়েছে— প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব অবস্থানের আমূল পরিবর্তন এবং দ্বিতীয়ত চিনের অভূতপূর্ব অর্থনৈতিক ও রাজনৈতিক উত্থান। নিজের নীতিগত সিদ্ধান্তের কারণেই আমেরিকা আজ স্বেচ্ছায় একাকী শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে, বিশ্বজুড়ে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রের প্রায় এক-তৃতীয়াংশ বেজিংয়ের দখলে থাকায় তাদের বিপুল অর্থনৈতিক সক্ষমতা রাজনৈতিক প্রভাবে রূপান্তরিত হচ্ছে বলে জানান তিনি।
দুই মহাশক্তির এই সংঘাতময় প্রতিযোগিতার মাঝে উদীয়মান শক্তিগুলি নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় অনেক বেশি সচেতন হয়ে আত্মনির্ভরতার দিকে ঝুঁকছে। আন্তর্জাতিক মঞ্চে সব বিষয়ে শতভাগ সহমত হওয়ার দিন শেষ হয়ে গেছে উল্লেখ করে তিনি জানান, দেশগুলির মধ্যে ন্যূনতম সহমতের ভিত্তিতে আমেরিকা কিংবা চিন উভয়ের সঙ্গেই কৌশলগত ভারসাম্য বজায় রাখা সম্ভব। কোয়াড, ব্রিকস বা ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোরের মতো নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক প্ল্যাটফর্মগুলির মাধ্যমেই ধীরে ধীরে এক নমনীয়, বাস্তবমুখী ও সহনশীল নতুন বিশ্বব্যবস্থা রূপ নিচ্ছে বলে জানান বিদেশমন্ত্রী।