মেসি দর্শনে বঞ্চিতদের জন্য বিরাট উপহার! যুবভারতীর ম্যাচে বিনামূল্যে টিকিট দিচ্ছে রাজ্য

গত ১৩ ডিসেম্বর ভেস্তে যাওয়া লিওনেল মেসি ট্যুরে বঞ্চিত ফুটবলপ্রেমীদের জন্য এল বড় স্বস্তির খবর। আগামী মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে উরুগুয়ের বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে। এই ম্যাচ দেখার জন্য বঞ্চিত দর্শকদের সম্পূর্ণ বিনামূল্যে টিকিট দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, ৫ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে আগের মেসি ট্যুরের ম্যাচের টিকিট ও বৈধ পরিচয়পত্র দেখিয়ে এই টিকিট সংগ্রহ করা যাবে।
সোশ্যাল মিডিয়ায় এই টিকিটের জন্য নির্দিষ্ট দশটি কেন্দ্র ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রগুলির মধ্যে রয়েছে এজেসি বোস রোডের শুভনন্দন কমিউনিটি হল, রাজা মনীন্দ্র রোডের মোহিত মৈত্র মঞ্চ, আজাদ হিন্দ বাগের মিলন মঞ্জুরি কমিউনিটি হল, বেহালা জেমস লং সরণীর অভয়ান কমিউনিটি হল, বিবেকানন্দ পার্ক সংলগ্ন উদযাপন কমিউনিটি হল, সল্টলেকের বিধাননগর মিউনিসিপালিটি স্পোর্টস কমপ্লেক্স, রাজারহাট সুইমিং পুল এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নম্বর দুই, তিন ও পাঁচ।