পুজোর আগেই বাম্পার উপহার! রাজ্যে এক লক্ষ চাকরির বিরাট ঘোষণা, কোন দফতরে কত নিয়োগ?

উৎসবের মরশুমের আগে রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে এক বিশাল নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি জানান, বিভিন্ন দফতর মিলিয়ে মোট ১৪ হাজার ৪৫৪টি শূন্যপদে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন এবং পুলিশ রিক্রুমেন্ট বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য, দমকল, বনদফতর ও কলকাতা পুলিশসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে এই কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি, আগামী দিনে রাজ্যে মোট এক লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
কর্মসংস্থান প্রসঙ্গে পূর্ববর্তী সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী জানান, ওবিসি জট কাটিয়ে এবং এসএসসির কাজ শুরুর মাধ্যমেই এই প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে সমস্ত স্তরের পরীক্ষা সম্পন্ন করে প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এছাড়া, তফশিলি জাতি ও উপজাতির হস্টেল পড়ুয়াদের মাসিক ভাতা ১৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৩০০ টাকা করা হয়েছে এবং প্রথম বর্ষের ছাত্রীদের জন্য ‘ভগিনী নিবেদিতা স্কিম’ অনুমোদিত হয়েছে।