৭ অক্টোবর মোদির ‘মেগা মিশন’! জায়ান্ট স্ক্রিনে বিশেষ সম্প্রচার, জেলায় জেলায় বিজেপির বিশাল প্রস্তুতি!

প্রশাসনিক প্রধান হিসেবে নরেন্দ্র মোদির একটানা ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ৭ অক্টোবর দেশজুড়ে ‘সেবা জ্যোতি যাত্রা’ পালন করতে চলেছে বিজেপি। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে শুরু হওয়া ‘সেবা সংকল্প অভিযান’-এর সমাপ্তি ঘটবে এই কর্মসূচির মাধ্যমে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সম্প্রতি দলের এই মেগা পরিকল্পনার কথা প্রকাশ করেছেন।
কী কী থাকছে বিজেপির এই মেগা কর্মসূচিতে?
- জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচার: ৭ অক্টোবর পশ্চিমবঙ্গের ২৩টি জেলা সদর দফতরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ।
- মশাল হাতে ‘সেবা জ্যোতি যাত্রা’: শীর্ষ নেতৃত্বের ভাষণ শেষ হতেই রাজ্যজুড়ে বিজেপি কর্মী-সমর্থকরা মশাল হাতে পদযাত্রায় অংশ নেবেন।
- ইন্ডিয়ান মিউজিয়ামে মেগা প্রদর্শনী: কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে মোদির প্রশাসনিক জীবন নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। ২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া থেকে শুরু করে টানা ১২ বছর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ২৫ বছরের উন্নয়নমূলক সফর ও জনকল্যাণমুখী কাজ এখানে তুলে ধরা হবে।
‘আজকের রাজনীতি মানেই উন্নয়ন’
সাংবাদিক সম্মেলনে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “টুডেস রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেস পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট।” তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনীতির পুরনো পরিভাষা বদলে দিয়ে উন্নয়নকে মূল ধারায় নিয়ে এসেছেন। তরুণ প্রজন্মের আধুনিক জীবনযাত্রা, গুণগত শিক্ষা ও নতুন কর্মসংস্থানের চাহিদাকেই মোদি সরকার অগ্রাধিকার দিচ্ছে।