‘পাহাড় আর কাটা হবে না!’ পুরুলিয়ার চণ্ডী পাহাড় রক্ষায় মাঠে নেমে বড় আশ্বাস বিধায়কের

‘পাহাড় আর কাটা হবে না!’ পুরুলিয়ার চণ্ডী পাহাড় রক্ষায় মাঠে নেমে বড় আশ্বাস বিধায়কের

পুরুলিয়া: পুরুলিয়ার রঘুনাথপুরের বেড়োর ঐতিহ্যবাহী চণ্ডী পাহাড় রক্ষায় অবশেষে আশার আলো। এলাকার বাসিন্দাদের তীব্র প্রতিবাদ ও আন্দোলনের মুখে সোমবার সরেজমিনে পরিদর্শনে এসে পাহাড় কাটা বন্ধের স্পষ্ট আশ্বাস দিলেন স্থানীয় বিধায়ক মামণি বাউড়ি।

আবেগের সঙ্গে জড়িয়ে ঐতিহ্য: একটি বেসরকারি সংস্থা চণ্ডী পাহাড় কাটার কাজ শুরু করতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পাহাড় বাঁচাতে তৈরি হয় একাধিক সংগঠন। সোমবার বিধায়ক সেখানে পৌঁছালে গ্রামের শতাধিক মহিলা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে হাজির হন। তাঁদের দাবি— পরিবেশ, এলাকার ঐতিহ্য এবং জীবন-জীবিকা রক্ষায় আর এক ইঞ্চিও পাহাড় কাটতে দেওয়া যাবে না।

পদ্ম-বিধায়কের আশ্বাস: গ্রামবাসীদের আবেদন শোনার পর বিধায়ক মামণি বাউড়ি জানান, “এই পাহাড়ের সঙ্গে স্থানীয়দের ধর্মীয় আবেগ ও মেলা-পার্বণের ইতিহাস জড়িয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাহাড় কাটা যাবে না। আগের সরকার মানুষের প্রতিবাদ উপেক্ষা করে এর অনুমতি দিয়েছিল, কিন্তু এবার এই অনৈতিক কাজ বন্ধ হবেই।”

ধসের আশঙ্কায় আতঙ্কে গ্রাম: ‘পাহাড় বাঁচাও’ কমিটির সদস্যদের মতে, যেভাবে পাহাড়ের নিচের অংশ কেটে ফেলা হচ্ছিল, তাতে যেকোনো সময় বড়সড় ধস নেমে পুরো এলাকা বিপদে পড়তে পারত। পাশাপাশি বিশাল গর্ত তৈরি হওয়ায় গবাদি পশু পড়ে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়েছিল।

বন্ধ হলো কাজ: বিধায়কের পরিদর্শনের পর সোমবার বিকেল থেকেই পাহাড় কাটার কাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এই ইস্যুতে প্রশাসনিক স্তরে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *