১০,০০০ mAh পাওয়ার ব্যাঙ্ক থেকে কেন ২ বার ফোন চার্জ হয় না? আসল কারণ জেনে নিন!

স্মার্টফোন কেনার সময় ব্যাটারির গায়ে ৫০০০ বা ৬০০০ mAh লেখা দেখলেই আমরা নিশ্চিন্ত হয়ে যাই। ভাবি, এবার বুঝি বারবার চার্জে বসানোর ঝামেলা মিটল! কিন্তু বাস্তবে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র—সকালের ১০০% চার্জ দুপুর গড়াতেই লাল সংকেত দেখাতে শুরু করে। কিন্তু কেন এমন হয়?
ব্যাটারি ক্যাপাসিটি বনাম ব্যাটারি লাইফ: তফাত কোথায়? সহজ ভাষায়, ব্যাটারি ‘ক্যাপাসিটি’ হলো বাড়ির ছাদের জলের ট্যাঙ্কের মতো। অর্থাৎ ব্যাটারির ভেতরে সর্বাধিক কতটা শক্তি জমা থাকতে পারে। স্মার্টফোনের ক্ষেত্রে এটি মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (mAh) দিয়ে মাপা হয়।
অন্যদিকে, ওই ট্যাঙ্কের জল আপনি কীভাবে এবং কত দ্রুত খরচ করছেন, সেটাই হলো ‘ব্যাটারি লাইফ’। ফোনের ডিসপ্লে সাইজ, প্রসেসরের ক্ষমতা, সারাদিন হাই-গ্রাফিক্স গেম খেলা, কড়া রোদে ছবি তোলা বা টানা ভিডিও দেখার ওপর নির্ভর করে চার্জ কতটা দ্রুত ফুরাবে।
পাওয়ার ব্যাঙ্ক নিয়ে সাধারণ ভুল ধারণা অনেকের ধারণা, ৪,০০০ mAh ব্যাটারির ফোন ১০,০০০ mAh-এর পাওয়ার ব্যাঙ্ক দিয়ে অন্তত দু’বার ফুল চার্জ করা যাবে। খাতায়-কলমে হিসাব মিললেও বাস্তবে তা হয় না। পাওয়ার ব্যাঙ্ক থেকে ফোনে চার্জ স্থানান্তরিত হওয়ার সময় প্রায় ২০% থেকে ৩০% শক্তি তাপ হিসেবে অপচয় হয়। ফাস্ট চার্জিং বা ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে এই অপচয় আরও বাড়ে।
ব্যাটারি সাইকেল ও কার্যক্ষমতা নতুন ফোন দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখলেও বয়সের সঙ্গে সঙ্গে ব্যাটারির স্বাস্থ্যের (Health) অবনতি ঘটে। ফোন ০% থেকে ১০০% চার্জ হলে একটি ‘চার্জ সাইকেল’ সম্পন্ন হয়। সাধারণত ১,০০০ বার চার্জ সাইকেল পূরণ হতে প্রায় আড়াই বছর সময় লাগে, যার পর ব্যাটারির হেলথ নেমে আসে প্রায় ৮০%-এ।
ব্যাটারির আয়ু বাড়াতে ৫টি জরুরি কৌশল:
- ২০%-৮০% নিয়ম: ফোন কখনো পুরোপুরি শূন্য (০%) করবেন না, আবার সবসময় ১০০% চার্জ দেওয়াও ঠিক নয়। চার্জ ২০% থেকে ৮০%-এর মধ্যে রাখাই ব্যাটারির স্বাস্থ্যের জন্য সবচেয়ে নিরাপদ।
- ব্রাইটনেস নিয়ন্ত্রণ: অপ্রয়োজনে স্ক্রিন ব্রাইটনেস বাড়িয়ে রাখবেন না।
- ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ রাখুন: পেছনের চালিত অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ রাখলে চার্জের অপচয় কমে।
- ব্যাটারি হেলথ চেক করুন: সেটিংসে ব্যাটারি হেলথ ৮০%-এর নিচে নামলে ব্যাটারি পরিবর্তন করে নেওয়া ভালো।
ভবিষ্যতে বাজারে আসছে সিলিকন-কার্বন ব্যাটারি-র মতো উন্নত প্রযুক্তি, যা আকারে ছোট হলেও অনেক বেশি চার্জ ধরে রাখতে পারবে। তবে সেই প্রযুক্তি সর্বসাধারণের হাতে আসার আগে পর্যন্ত এই ছোট ছোট নিয়মগুলো মেনে চললেই স্মার্টফোনের ব্যাটারি টিকবে অনেক বেশি দিন।